ব্যতিক্রমী উপহারের পসরা সাজিয়ে শীতার্তদের উপহার সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নোয়াখালী প্রেস ক্লাবের সমানে ব্যতিক্রমী উপহারের আয়োজন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রহমত উল্যাহ ভূঁইয়া।
দুই শাতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতের বিভিন্ন লোশন, ক্রিম, ভেসলিনসহ প্রসাধনসামগ্রী, শিশুদের হাত ও পায়ের মোজা, কানটুপি, বড়দের মাফলার, সোয়েটার, চাদরসহ প্রায় কুড়ি ধরনের বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
শীতার্তদের উপহার সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিকী রাজু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম মঞ্জু প্রমুখ।
আয়োজক জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রহমত উল্যাহ ভূঁইয়া জানান, শীতের যে তীব্রতা তাতে অসহায় এ পরিবারগুলোর পক্ষে প্রসাধনী, সোয়েটার-চাদর ক্রয় করা সম্ভব হয় না। সে কারণেই নিজের যতটুকু সামর্থ্য তা নিয়েই অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।