গোপালগঞ্জের প্রায় শতবর্ষী ঐতিহ্যবাহী বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের সংগঠন BINAPANI EX STUDENTS' ASSOCIATION, GOPALGANJ (BESAG)-এর উদ্যোগে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের প্রথম আনুষ্ঠানিক পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) সকালে বীণাপাণি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রাক্তন ছাত্রীদের একটি বর্ণাঢ্য র্যালি গোপালগঞ্জ জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানের স্থল শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে এসে পৌঁছায়।
এরপর জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন এবং বীণাপাণি প্রাক্তন ছাত্রীদের সংগঠনের থিম সং বাজানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়।
বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শত শত প্রাক্তন ছাত্রীদের পদচারণায় মুখরিত হয় অনুষ্ঠানস্থল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেছেন গোপালগঞ্জ জেলা শহরের প্রবীণ মুক্তিযোদ্ধা রাশেদা খানম রিনা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসাগের প্রধান উপদেষ্টা খালেদা ফিরোজ জলি, ট্রান্সকম ইলেকট্রনিকসের হেড অব বিজনেস সামির পল, বেক্সিমকো পাওয়ারের শেখ রেজাউল করিম, ডায়মন্ড ওয়ার্ল্ডের বিপ্লব সাহা, বেসাগের অর্থসচিব জিনাত রসুল রুনা, বেসাগের সদস্যসচিব সিলভিয়া আক্তার চীনা এবং বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মৃন্ময় বাড়ৈ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীণাপাণি এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বেসাগ)- এর আহ্বায়ক এবং উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পরিবেশিত হয় বিভিন্ন শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান।