আবারও ইউএনডিপির ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়া আহসান

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০০ পিএম

এক বছরের চুক্তি শেষে আবারও জাতিসংঘ উন্নয়ন সংস্থা ইউএনডিপির শুভেচ্ছাদূত নিযুক্ত হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে এবার তাকে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে। এই দুই বছর তিনি মূলত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে সবার সচেতনতা বাড়াতে কাজ করবেন।

দ্বিতীয়বারের মত শুভেচ্ছাদূত হওয়া প্রসঙ্গে জয়া আহসান বলেন, ইউএনডিপির শুভেচ্ছাদূত হওয়ার ব্যাপারটি এমনিতে আনন্দের। দ্বিতীয়বার হওয়াটা আরও বেশি আনন্দের। শুভেচ্ছাদূত হতে পেরে একদিকে যেমন আনন্দিত, অন্যদিকে ইউএনডিপির হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে পারব ভেবে সম্মানিতবোধ করছি। সুন্দর এই পৃথিবী রক্ষার জন্য যে লক্ষ্যমাত্রা, যা এসডিজি নামে পরিচিত, নির্ধারণ করা হয়েছে, ২০৩০ সালের মধ্যে সেটি অর্জন করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমার কাজের মধ্য দিয়ে এই বিষয়ে সচেতনতা বাড়াতে চেষ্টা করব। যেন আমরা সবাই মিলে বাংলাদেশসহ বিশ্বকে আরও সুন্দর, সহনশীল করে গড়ে তুলতে পারি।’

তিনি আরও বলেন, ‘এসডিজি অর্জনের জন্য মাত্র সাত বছর বাকি আছে, আমাদের এ পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করে তোলার জন্য এটাই উপযুক্ত সময়। ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন করতে হলে নাগরিক হিসেবে আমাদের প্রত্যেককে নিজেদের ভূমিকা পালন করতে হবে।’

ইউএনডিপির সঙ্গে এসডিজি ছাড়াও আরও অন্যান্য বিষয়, যেমন দারিদ্র্য, নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, সহনশীলতা, পরিবেশ, জ্বালানি ও লিঙ্গসমতা নিয়ে সচেতনতা বাড়াতে কাজ করবেন বলে জানান জয়া আহসান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়া আহসান ২০২২ সাল থেকে গত এক বছর ধরে ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত স্বেচ্ছাসেবক হিসেবে ইউএনডিপির সঙ্গে কাজ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত