বিপিএলে তারুণ্য নির্ভর সিলেট স্ট্রাইকার্স। নিয়মিত পারফরমাররাও স্বদেশী তরুণেরা। দলটিতে তারকা ক্রিকেটার খুব একটা নেই। পাকিস্তানি ক্রিকেটার ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির খেলেছেন শুরু থেকেই। তবে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ। সেই লিগ খেলতে দুজনেই চলে গিয়েছিলেন দেশে। তবে লিগ পর্বের শেষ ম্যাচটি খেলার জন্য আবারও এসেছেন বাংলাদেশে। সেই ম্যাচ খেলেই পাকাপাকিভাবে বিপিএল শেষ করবেন তারা।
মোহাম্মদ আমিরের বিকল্প হিসেবে ইতোমধ্যে সিলেট স্ট্রাইকার্স দলে ভিড়িয়েছে মোহাম্মদ ইরফানকে। এবার ইমাদ ওয়াসিমের অভাব ঘোচাতে দলে নিয়েছে তারা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার জর্জ লিন্ডেকে।
বিষয়টি সিলেট স্ট্রাইকার্স তাদের ফেসবুক পেজে পোস্ট করে নিশ্চিত করেছে।
নিজ দেশের হয়ে ইতোমধ্যে তিন সংস্করণেই অভিষেক হয়ে গেছে লিন্ডের। বোলিং অলরাউন্ডার এই প্রোটিয়া ক্রিকেটারের টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল তিন বছর আগে। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে তিনি ১২ রান করে আউট হয়েছিলেন। তবে ৪ ওভার বল ঘুরিয়ে ২০ রান দিয়ে ২ উইকেটও শিকার করেন।
ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে তিনি ১৪ ম্যাচ খেলে করেছেন ১১১ রান। গড় মাত্র ১১ হলেও স্ট্রাইক রেট ১৩০। সর্বোচ্চ ২৯ রান। বল হাতে নিয়েছেন ১৫ উইকেট। ২৩ রান খরচায় ৩ উইকেট শিকার তার সর্বোচ্চ অর্জন।
তবে এই সংস্করণে সবশেষ ম্যাচটা অবশ্য খেলেছেন দুই বছর আগে। আয়ারল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচেও তিনি ২১ রান খরচায় নেন দুই উইকেট। তবে ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি।