প্রথম কোয়ালিফায়ারে সিলেটের প্রতিপক্ষ কুমিল্লা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২০ এএম

প্রথম তিন ম্যাচে টানা হেরেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে যা দলটির জন্য বেশ লজ্জার। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা ৯ জয়ে সেই হতাশা দূর করেছে দলটি। একসঙ্গে এত ম্যাচ জেতা বিপিএলের টানা জয়ের রেকর্ডও। এই সাফল্য ধারায় ছুটে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেছেন ইমরুল কায়েস।

আগামীকাল রবিবার কুমিল্লা মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্সের। সেই ম্যাচের জয়ী দল নিশ্চিত করবে ফাইনাল। হারলেও দুশ্চিন্তা থাকছে না তাদের। তবে অপেক্ষা করতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ পর্যন্ত।

দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার জন্য লড়াই করবে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। এই দুই দলের মধ্যে বিজয়ী দলটাই খেলবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিতদের সঙ্গে। অন্যদিকে বিপিএলের নবম আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে এই ম্যাচের পরাজিত দলটির।

টুর্নামেন্টের লিগ পর্ব শেষ হয়েছে শুক্রবার। সব ম্যাচ খেলা দলগুলোর মধ্যে সিলেট ও কুমিল্লার পয়েন্ট ১৮। তবে রানরেটে এগিয়ে থাকায় তালিকার শীর্ষে থেকে যায় সিলেট স্ট্রাইকার্স। আর দুই নম্বর থেকে প্রথম কোয়ালিফায়ারে নাম লেখায় কুমিল্লা। অন্যদিকে ১৬ পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্স তালিকার তিনে ও ১৪ পয়েন্টে চার নম্বর দল হয়ে এলিমিনেটর ম্যাচে নাম লেখায় ফরচুন বরিশাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত