সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে গতকাল লাল বলের ক্রিকেটে এক ঐতিহাসিক অভিষেক দেখল দেশের ঘরোয়া আসর। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) প্রথম ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত ক্রিকেটার হিসেবে মাঠে নেমেই নিজের প্রথম উইকেটের দেখা পেলেন তরুণ পেসার অনিক দেববর্মণ। সিলেট বিভাগের জার্সিতে অভিষিক্ত এই দীর্ঘকায় পেসার প্রথম দিনেই ময়মনসিংহের বিপক্ষে গুরুত্বপূর্ণ উইকেট শিকার করে নিজের উপস্থিতি বেশ জোরালোভাবেই জানান দেন।
টুর্নামেন্টের ২৮তম মৌসুমের প্রথম দিনে সিলেট ও ময়মনসিংহ বিভাগের মধ্যকার এই ম্যাচের প্রথম দিনে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক জাকির হাসান। প্রথম দিনের খেলা শেষে ময়মনসিংহ বিভাগ ৮৮ ওভারে ৭ উইকেটে ২৭৩ রান সংগ্রহ করে। এই লড়াইয়ের মাঝেই আলো কেড়ে নেন অনিক।
ইনিংসের ৪২তম ওভারে দলীয় ১২২ রানের মাথায় প্রতিপক্ষের সবচেয়ে বিপজ্জনক ব্যাটার মাহফিজুল ইসলামকে সাজঘরে ফিরিয়ে টুর্নামেন্টে নিজের প্রথম উইকেটের স্বাদ পান তিনি। ১৩৫ বলে ৭০ রান করা মাহফিজুলকে ফিরিয়ে প্রতিপক্ষের বড় জুটিতে ভাঙন ধরান এই পেসার। প্রথম দিনে নিজের বোলিং কোটায় দারুণ শৃঙ্খলা দেখিয়ে ১০ ওভারে ১টি মেইডেনে মাত্র ৩৪ রান খরচ করে ১টি উইকেট শিকার করেন অনিক।
আজকে দ্বিতীয় দিনের খেলায় প্রথম ইনিংসে ৩১১ রান করে অলআউট হয়েছে ময়মনসিংহ, এই মুহূর্তে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে সিলেট।
ছয় ফুট তিন ইঞ্চি উচ্চতার অনিকের ঘরোয়া ক্রিকেটের এই গ্র্যান্ড স্টেজে পৌঁছানোর পেছনের গল্পটা ছিল বেশ সংগ্রামের। হবিগঞ্জের বাহুবল উপজেলার কালিগুচিয়া গ্রামের ত্রিপুরা জাতিগোষ্ঠীর এই তরুণ ছোটবেলায় গ্রামের ছোট ছোট ফুটবল মাঠে ক্রিকেট খেলে বড় হয়েছেন। পরিবারের বাধা থাকায় লুকিয়ে ক্রিকেট খেলতে হয়েছে তাকে, যা নিয়ে শৈশবে কত বকা আর মারই না খেতে হয়েছে!
তবে মনের ভেতর বড় স্বপ্ন লালন করে শ্রীমঙ্গলের একাডেমি থেকে শুরু করে বয়সভিত্তিক ক্রিকেট পেরিয়ে আজ তিনি জাতীয় স্তরের মঞ্চে। পেসার তাসকিন আহমেদ ও ব্রেট লির বোলিং দেখে অনুপ্রাণিত হওয়া অনিক আজ পারফরম্যান্স দিয়েই প্রমাণ করলেন নিজেকে।
ইসরায়েলি সাংবাদিকের প্রশ্নেই বন্ধ হয়ে গেল আইরিশ সংবাদ সম্মেলন