ফাইনাল নিশ্চিতের ম্যাচে ঢাকার মাঠে মুখোমুখি দুই ইংলিশ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৬ পিএম

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স। দুই দলের জন্যই ম্যাচটি বাঁচা-মরার। যে জিতবে সেই খেলবে ফাইনাল। এমন ম্যাচের দিনে মুখোমুখি হয়েছেন দুই ইংলিশ ক্রিকেটারও। ম্যাচের ঠিক আগের দিন তাদেরকে ইংল্যান্ড থেকে উড়িয়ে এনেছে সিলেট ও রংপুর।

রংপুর রাইডার্সেরহয়ে দলে এসেছেন স্যাম বিলিংস এবং সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন লুক উড। বিলিংস উইকেটরক্ষক ব্যাটসম্যান হলেও লুক উড মূলত বোলিং অলরাউন্ডার।

বিলিংস ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৩৩ ইনিংসে ব্যাট করে ৪৭৮ রান করেছেন। তার সর্বোচ্চ ৮৭ রানের ইনিংস। তবে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ানো এই ক্রিকেটার খেলেছেন ২৫০ স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ। প্রায় ২৪ গড়ে করেছেন ৪ হাজার ৭৪৮ রান। তার স্ট্রাইক রেট প্রায় ১৩০।

অন্যদিকে বোলিং অলরাউন্ডার উড জাতীয় দলের জার্সি গায়ে টি-টোয়েন্টিতে মাত্র ২ ম্যাচ খেলেছেন। পেয়েছেন তিনটি উইকেট। তবে ব্যাট হাতে নামতে পারেননি কখনও। যদিও স্বীকৃত টি-টোয়েন্টি খেলা হয়েছে ৯৬টি। তাতে উইকেট সংখ্যা ৯৪। ৫০ রানে ৫ উইকেট শিকার তার সর্বোচ্চ অর্জন। এছাড়া এসব ম্যাচে ৩৬ ইনিংসে ব্যাট হাতে নেমে তিনি করেছেন ১৬৬ রান। সর্বোচ্চ ৩৩।

আজ এই দুই ইংলিশ ক্রিকেটারের দিকেই তাকিয়ে সিলেট ও রংপুরের সমর্থকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত