রুশবিরোধী নিষেধাজ্ঞার নতুন প্যাকেজ নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রুশ সিন্থেটিক রাবার আমদানি বিষয়ে গেল বুধবার ইইউর ২৭ দেশের রাষ্ট্রদূত বৈঠকে বসেছিলেন। সিন্থেটিক রাবার টায়ারের মতো পণ্যগুলোতে ব্যবহৃত হয়। এটি ইইউর একটি প্রধান আমদানি পণ্য। বৈঠকে ইতালি ও জার্মানিসহ ইইউর বেশিরভাগ দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্যে এটি নিষিদ্ধ করার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে। কেবল পোল্যান্ড রয়েছে নিষিদ্ধের পক্ষে। রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে। এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর নানা ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে শুরু করে।
ইইউ নেতারা এখন অবশ্য প্রকাশ্যেই স্বীকার করছেন যে, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা তাদের পক্ষে ক্রমশ কঠিন হয়ে পড়েছে। ইতিমধ্যে রাশিয়ার পারমাণবিক শক্তির ওপর বিধিনিষেধসহ কোনো প্যাকেজ সমর্থন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে হাঙ্গেরি। এর কারণ হিসেবে বলছে, মস্কোর সঙ্গে প্রাক-পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্প্রসারণের চুক্তি রয়েছে তাদের। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিকতর অরবান বলেন, ‘এ ধরনের একটি প্রস্তাবে স্পষ্টতই ভেটো দিতে হবে।’
