কাগজে কলমে শক্তিশালি দল ছিল না সিলেট স্ট্রাইকার্স। তাদের নিয়ে হাসি-ঠাট্টা রসিকতাও কম হয়নি। বছরের পর বছর বিপিএলের পয়েন্ট তালিকার তলানিতে থাকে সিলেটের ফ্র্যাঞ্চাইজি। সেই দলকে নিয়ে তাই বিশেষ প্রত্যাশা ছিল না স্থানীয় সমর্থকদের। তবে মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বে সিলেট এবার বদলে গিয়েছিল। ফাইনালেও উঠে গিয়েছিল তারা।
তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৭ উইকেটে পরাজিত হয়ে তারা শিরোপা বঞ্চিত হয়েছে। তবে তাতে মর্মাহত নন অধিনায়ক মাশরাফী। কারণ দলের কিছু তরুণ ও স্থানীয় ক্রিকেটাররা নিজেদের সেরাটা উজার করে দিয়েছেন। বড় মঞ্চে তারা প্রয়োজনে জ্বলে উঠতে পারেন সেটা বোঝাতে সক্ষম হয়েছে। যা ভালো লেগেছে দেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়কের।
ফাইনাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন তিনি। বলেছেন, ‘আমরা আজ জিততে পারিনি, তবে আমার কাছে ভালো লেগেছে যে তরুণ ক্রিকেটাররা দারুণ খেলেছে। বিশেষ করে শান্ত, হৃদয়, রাজা ও তানজিম সাকিবরা ভালো করেছে। এটা তাদের দারুণ অভিজ্ঞতা হয়েছে। তারা ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অনেক দূর যেতে পারবে।’