কাপড় ইস্ত্রি করার উপায়

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪১ এএম

পরিধেয় কাপড় কুঁচকে গেছে বা ভাঁজ পড়েছে? হাতের কাছে ইস্ত্রি নেই? কী করবেন ভাবছেন। আপনার জন্য রইল কিছু ঘরোয়া উপায়। যাতে ইস্ত্রি ছাড়া ঘরোয়াভাবে টানটান করে ফেলতে পারবেন আপনার কোঁচকে যাওয়া জামাকাপড়।

হেয়ার স্ট্রেটনার দিয়ে চুল টানটান করলেই হলো না। এই স্ট্রেটনার দিয়ে আপনি কাপড় ইস্ত্রিও করতে পারবেন। তবে স্ট্রেটনার যেন অতিরিক্ত গরম না থাকে, তাহলে জামাকাপড় পুড়ে যেতে পারে। কাপড়ের ওপর খানিকটা পানির ছিটে দিয়ে তারপর ইস্ত্রি করে নিন।

বালিশের নিচে রেখে আয়রন ছাড়া জামাকাপড় ইস্ত্রি করা অত্যন্ত সহজ ও পুরনো পদ্ধতি। প্রথমে আপনার কুঁচকানো পোশাকটি ভালো করে ভাঁজ করুন। তারপর যে বালিশ বা গদির ওপর ঘুমান তার নিচে পোশাকটি রেখে শুয়ে পড়ুন। ঘুম থেকে উঠে দেখবেন জামা একেবারে ইস্ত্রির মতো টানটান হয়ে গেছে।

পানি অ্যালুমিনিয়াম, তামা কিংবা লোহার পাত্রে গরম করুন। পাত্রের তলাটা দিয়ে চেপে চেপে পোশাক ইস্ত্রি করার মতো ভঙ্গিতে ভাঁজের ওপর চালাতে পারেন। দেখবেন ভাঁজ উঠে টানটান হয়ে গেছে।

চার কাপ পানিতে এক কাপ ভিনেগার মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। জামাকাপড়ের কুঁচকে থাকা জায়গাগুলোতে এটি স্প্রে করে হাত দিয়ে টানটান করে দিন। কাপড়ের ভাঁজ বা কুঁচকানো থাকবে না।

জামাকাপড় ইস্ত্রি করার আরও একটি উপায় হলো হেয়ার ড্রায়ার ব্যবহার করা। জামাকাপড়ের ভাঁজের ওপর সামান্য ঠান্ডা পানি ছিটিয়ে নিয়ে তার ওপর হেয়ার ড্রায়ার চালিয়ে নিন। পোশাকের কুঁচকানো ভাব দূর হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত