ভারতীয় টেনিসের পোস্টার গার্ল সানিয়া মির্জা। শুধু ভারত কেন, এশিয়ার নারী টেনিসের খুব হয়ে উঠেছিলেন তিনি। ঠিক একদিন আগে দুই দশকের বর্ণময় টেনিস জীবনে ইতি টানা সানিয়াকে একটা ভুল আজও পীড়া দেয়।
যে ভুল অলিম্পিক্স পদক জয় থেকে দূরে সরিয়ে দিয়েছিল সানিয়াকে। যদিও সানিয়া এটাও বিশ্বাস করেন, জীবনের চেয়ে টেনিস বড় নয়।
২০১৬ সালে রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নেমেছিলেন সানিয়া এবং রবি বোপান্না। কিন্তু চেক প্রজাতন্ত্রের র্যাডেক স্টেপানেক এবং লুসি হ্রাদেকার বিরুদ্ধে হেরে যান তারা।
সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে সানিয়া বলেন, ‘আমি যা পেয়েছি, তা নিয়ে খুশি। অলিম্পিক্সে ভারতের জার্সি পরে নামতে পারা আমার কাছে সম্মানের। যদি একটা ভুল শোধরানোর সুযোগ পাই তা হলে অবশ্যই সেটা ওই ব্রোঞ্জ পদকের ম্যাচ বা তার আগে সেমিফাইনালের ম্যাচটা।’
কোর্টে সানিয়াকে সব সময়ই বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গেছে। নিজের শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলে ফেলেছেন তিনি। দুবাই ওপেনের মধ্য দিয়ে পুরোপুরি তুলে রাখলেন টেনিস র্যাকেটটি।
দুবাই ডিউটি ফ্রি টেনিস প্রতিযোগিতার প্রথম রাউন্ডেই হেরে গেছেন সানিয়া ও ম্যাডিসন কিজের জুটি। মঙ্গলবার রাতে সানিয়া ও ম্যাডিসন কিজ জুটি ৪-৬, ০-৬ ব্যবধানে হারে ভার্নোকিয়া কুদেরমেতোভা-লিউডমিলা সামসোনোভা জুটির কাছে।
আর এর মধ্য দিয়েই সানিয়ার টেনিস ক্যারিয়ারে দাঁড়ি পড়ল। যে ঘোষণা তিনি আগেই দিয়ে রেখেছিলেন।
আরও পড়ুন