আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে বলে জানান পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
তিনি সোমবার (২৭ ফেব্রুয়ারি) চাঁদপুর জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
আইজিপি বলেন, এক সময় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ছিল। জঙ্গিবাদ নারী নির্যাতন মাথাচারা দিয়ে উঠেছিল। মানুষের নিরাপত্তা ছিলনা। প্রযুক্তিগত দক্ষতা, সক্ষমতা বৃদ্ধির কারণে সেই অবস্থা থেকে উন্নতি করতে সমর্থ হয়েছি। দেশে এখন বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে।
যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধিনে। নির্বাচন কমিশন আমাদের যেই দায়িত্ব দেবে তা পালনে আমরা প্রস্তুত রয়েছি।
অনুষ্ঠানে আইজিপির সহধর্মিণী ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী, অতিরিক্ত আইজিপি কামরুল ইসলাম, চট্টগ্রাম র্যাঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদসহ বিভিন্ন শ্রেণি পেশার আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
