মার্কিন ব্যাংকের পতন ঠেকাল ৩০ বিলিয়ন ডলার

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১০:৫৫ পিএম

আর্থিক সংকটের লাগাম টানতে না পেরে মার্কিন যুক্তরাষ্ট্রে পরপর বন্ধ হয়ে গেছে দুটি বড় ব্যাংক। এর মধ্যেই জানা গেল পতনের ঝুঁকিতে রয়েছে আরেকটি মার্কিন ব্যাংক যার নাম ‘ফার্স্ট রিপাবলিক।’ তবে সান ফ্রান্সিসকোভিত্তিক এ ব্যাংকটির পতন ঠেকাতে ৩০ বিলিয়ন মার্কিন ডলার বা ৩ হাজার কোটি ডলার আমানত দিচ্ছে ১১টি ব্যাংক।

শুক্রবার (১৭ মার্চ) বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ফার্স্ট রিপাবলিকের পতনের আশঙ্কায় অগ্রিম সতর্কতা হিসেবে ব্যাংকটিতে অর্থ জমা করেছে শীর্ষ ব্যাংকগুলো। ব্যাংকিং ব্যবস্থা নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের আতঙ্ক প্রশমিত করার চেষ্টার মধ্যেই এই পদক্ষেপটি সামনে এলো।

ফার্স্ট রিপাবলিকে অর্থ জমা করেছে ব্যাংক অব আমেরিকা, সিটি গ্রুপ, জেপিমরগান চেজসহ যুক্তরাষ্ট্রের ১১টি প্রাইভেট ব্যাংকের একটি কনসোর্টিয়াম। কোনো ধরনের গ্যারান্টি ক্লজ বা বীমা ছাড়াই এসব অর্থ জমা রাখবে ব্যাংকগুলো।

এছাড়া গোল্ডম্যান স্যাকস এবং মরগান স্ট্যানলি ২.৫ বিলিয়ন ডলার করে জমা রাখবে ব্যাংকটিতে। পাশাপাশি স্টেট স্ট্রিট, পিএনসি ব্যাংক, ট্রুইস্ট, বিএনওয়াই-মেলন ব্যাংকগুলোও জমা রাখবে ১ বিলিয়ন ডলার করে।

গ্রুপটি এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘আমরা একসঙ্গে আমাদের বৃহত্তর সিস্টেম, আর্থিক শক্তি এবং তারল্যকে সেখানেই সরবরাহ করছি, যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন।’

সম্প্রতি অর্থ সংকটে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে পতন ঘটে সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) ও সিগনেচার ব্যাংকের। তারপর থেকে মার্কিন নিয়ন্ত্রক সংস্থাগুলোসহ হোয়াইট হাউস এখন অন্যান্য ব্যাংকের ওপর নজর রাখতে শুরু করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত