রাঙামাটিতে পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে পিকনিকের বাস উল্টে গিয়ে দুই পর্যটক নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাঙামাটি থেকে চট্টগ্রাম ফেরার পথে মানিকছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, চট্টগ্রামের ভাটিয়ারির ব্রিকস অ্যান্ড ক্লো ওয়াকর্স লিমিটেডের কর্মচারীরা পিকনিকে এসেছিলেন। পিকনিক শেষে ফেরার পথে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগলে বাসটি উল্টে যায়।
রাঙামাটি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর বিল্লাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই জনের মরদেহ উদ্ধার করি। গাড়ির নিচ থেকে একটি লাশ উদ্ধার করি, সড়ক ও জনপদের এক্সকেভেটর দিয়ে আরও একটি লাশ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।