জাতীয় নারী ফুটবল দলের কোচ হিসেবে গোলাম রব্বানী অধ্যায় শেষ হওয়ার পথে। সহকর্মীদের মাধ্যমে বাফুফেকে জানিয়ে দিয়েছেন তার সিদ্ধান্তের কথা। ১ জুনের আগে পাঠিয়ে দেবেন পদত্যাগপত্র। আর তাই আজ থেকে মেয়েদের অনুশীলনে অনুপস্থিত বাংলাদেশের সাফজয়ী কোচ। এই অবস্থায় বাফুফে থেকে সিদ্ধান্ত বদলের অনুরোধ করা হলেও তা আমলে নিচ্ছেন না ছোটন। আগের সিদ্ধান্তে অনড় আছেন।
শুক্রবার থেকেই উত্তপ্ত নারী ফুটবলাঙ্গন। এমন পরিস্থিতির মধ্যেই আজ দুপুরের দিকে বাফুফে ভবনে আসেন নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তার বিশ্বাস ফের কাজে ফিরবেন ছোটন, ‘আলোচনা চলমান রয়েছে। আশা করি তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে আবার কোচিংয়ে ফিরবেন।’
বাফুফে ছাড়ার জন্য ক্লান্তিকে সামনে এনেছেন ছোটন। সাবিনাদের কোচের ক্লান্তি সম্পর্কে কিরণের মন্তব্য, ‘ছোটন ভাইকে বলেছি, আপনি কয়েকদিন বিশ্রাম নিয়ে ১ জুন থেকে আবার কোচিং শুরু করেন। ছোটন ভাই অর্থ বা অন্য কোনো বিষয় আমাদেরকে বলেননি। তিনি কাজ করতে চান না এটুকুই বলছেন শুধু। কয়েক দিন সময় দেন। আমার বিশ্বাস তাকে আবার কোচিংয়ে আনতে পারব ‘
ফোন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ছোটন। তবে নিজের সিদ্ধান্তে তিনি অনড় জানিয়ে বলেন, ‘কিরণ আপা আমাকে ফোন দিয়ে সিদ্ধান্ত পাল্টাতে অনুরোধ করেছেন, বাফুফের সাধারণ সম্পাদকও করেছেন। কিন্তু আমি আর বাফুফের অধীনে চাকরি করতে চাইছি না। সেটা তাদের বলে দিয়েছি। আমার ফেরার কোনো সম্ভাবনা নেই। এবার আমি আর ফিরছি না।’