আড়াই বছর প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। পাত্র আরেফিন জিলানী সাকিব একটি ওষুধ কোম্পানিতে কর্মরত।
শুক্রবার (২ মে) রাতে রাজধানী গুলশানের একটি কনভেনশন হলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তাদের। সেখানে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোবিজের অনেক তারকা।
এর আগে গত ৩১ মে ঐশীর অন্যরকম এক হলুদসন্ধ্যা হয়। সদ্য প্রয়াত ঐশীর বাবার একটি চিঠি দিয়ে শুরু হয় হলুদ সন্ধ্যার আয়োজন। সে চিঠি শুনে কান্নায় ভেঙে পড়েন ঐশী। তবে মেঘ কাটতে দেরি হয়নি, লুইপার মজার উপস্থাপনায় মঞ্চে এসে হাজির হন লুঙ্গি পারভেজ (সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ)। একে একে মজার সব পারফরমেন্সে মঞ্চে আসেন আনিকা, লুইপা, তূর্য, নাবিলা, সজল, পূজা, নাদিয়া ডোরা ও নিলয়। তখন একঝাঁক তারকা সংগীতশিল্পী অংশগ্রহণ করেন হলুদসন্ধ্যায়।
এর আগে গত ২ এপ্রিল ঐশী ও জিলানীর আংটি বদল হয়। গায়িকা বর্তমানে এমবিবিএস পাস করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সিসিইউর মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন।
