টুইটারে মাস্কের স্থলাভিষিক্ত হলেন লিন্ডা ইয়াকারিনো

আপডেট : ০৬ জুন ২০২৩, ০৫:৫৫ পিএম

টুইটারের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ইলন মাস্কের স্থলাভিষিক্ত হয়েছেন লিন্ডা ইয়াকারিনো। এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন বিভাগের সাবেক এ প্রধান আজ মঙ্গলবার ( ৬ জুন) জনপ্রিয় এই যোগযোগ মাধ্যমের যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর কার্যালয়ে তার চাকরি শুরু করেন।

এক টুইটার বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন খোদ লিন্ডাই।

সিইও লিন্ডার টু্ইটারের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, এদিন টুইট করে লিন্ডা জানান, ‘অবশেষে ঘটনাটি ঘটেছে- বইয়ের প্রথম দিন আজ!’

এর আগে ১২ মে টুইটারের সিইও হিসেবে লিন্ডার নাম ঘোষণা করেন ইলন মাস্ক। টুইটারের মালিক এমন এক সময় শীর্ষ এই পদের জন্য এনবিসি ইউনিভার্সালের (এনবিসিইউ) বিজ্ঞাপন বিভাগের সাবেক প্রধান লিন্ডাকে নির্বাচন করেন, যখন বিজ্ঞাপনী আয়ে ধস ঠেকাতে বেগ পেতে হচ্ছিল খুদে ব্লগ লেখার প্ল্যাটফর্মটিকে।

টুইটার কিনে নেওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে ব্যবসা হারানো শুরু করেন মাস্ক। তাই ব্রান্ডগুলোর সঙ্গে কোম্পানির সম্পর্ক উন্নত করা এবং প্ল্যাটফর্মটির বিষয়বস্তুর নিয়মগুলোকে ঠেলে সাজাতে লিন্ডার মতোই চৌকষ কাউকে খুঁজছিলেন তিনি।

লিন্ডার নাম ঘোষণার পর এক টুইটে মাস্ক বলেন, ‘লিন্ডা প্রাথমিকভাবে ব্যবসায়িক কর্মকাণ্ডের ওপর জোর দেবেন। আর পণ্যের নকশা ও নতুন প্রযুক্তির ওপর জোর দেব আমি। প্ল্যাটফর্মটির সম্ভাব্য সবকিছুকে অ্যাপে রূপান্তর করার জন্য লিন্ডার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’

কমকাস্ট করপোরেশনের মালিকানাধীন এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন ব্যবসা আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লিন্ডার। কোম্পানিটির সঙ্গে প্রায় এক যুগের মতো যুক্ত ছিলেন। এনবিসিইউতে যোগ দেওয়ার আগে মার্কিন মিডিয়া জায়ান্ট টার্নার এন্টারটেইনমেন্টে প্রায় ২০ বছর কাজ করেন তিনি।

সম্প্রতি দুজন গুরুত্বপূর্ণ নির্বাহী কর্মকর্তাকে হারিয়েছে টুইটার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত