লড়াইটা হালান্ড-মার্তিনেজেরও

আপডেট : ১০ জুন ২০২৩, ০৯:৫৩ এএম

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে আজ মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও ইন্তার মিলান। এবার সিটির ফাইনালে ওঠার পেছনে বড় ভূমিকা রেখেছেন স্ট্রাইকার আর্লিং হালান্ড। অন্যদিকে ইন্তারের ভরসা লাউতারো মার্তিনেজ। আজ শিরোপার লড়াইতে দুই স্ট্রাইকারই দুই দলের বড় ভরসা।

হালান্ড এ মৌসুমে আশীর্বাদ হয়ে এসেছেন সিটির জন্য। প্রিমিয়ার লিগে নিজের প্রথম মৌসুমেই করেছেন গোলের রেকর্ড। ৩৫ ম্যাচে করেন ৩৬ গোল। এবার চ্যাম্পিয়নস লিগেও সর্বোচ্চ গোলদাতা হালান্ডই। ১০ ম্যাচে করেছেন ১২ গোল। ২২ বছরের হালান্ড একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। এবার শেষ ষোলোর দ্বিতীয় রাউন্ডে লাইপজিগের বিপক্ষে ঘরের মাঠে ৫ গোল করেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার।

২০২২-২৩ মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির হয়ে ৫২ ম্যাচে ৫২ গোল করেছেন হালান্ড। তবে সবশেষ এফএ কাপের ফাইনালে গোল পাননি। তাই ফাইনালে যে গোলের ক্ষুধায় থাকবেন তা বলাই যায়।

হালান্ড যে শুধু গোল করায় পারদর্শী তা নয়, সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ৯টি। চ্যাম্পিয়নস লিগে হালান্ডের গোল রেশিও ম্যাচ প্রতি ১.২১। এ নিয়ে হালান্ড বলেন, ‘আমি জানি এই দলে খেললে গোল পাব। যখন আপনার চারপাশে দারুণ সব খেলোয়াড় থাকবে তারা গোল করতে জায়গা তৈরি করে দেবে। আমি এমন সতীর্থদের পেয়ে খুশি। একটি গোলের পর লক্ষ্য থাকে আরও করার। এক গোলেই ক্ষুধা মেটে না।’

হালান্ড জানিয়েছেন, পরিসংখ্যান নিয়ে তিনি কখনো ভাবেন না, ‘আমার লক্ষ্য থাকে দলকে সহায়তা করা। গোল করে দলকে ট্রফি জেতানোই মূল। আমি জানি গোল করে দলকে সহায়তা করতে পারলেই দল তার লক্ষ্য অর্জন করতে পারবে।’

২০২৩ ব্যালন ডি’অর জয়ের দৌড়ে লিওনেল মেসি ছাড়া যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে সেটি হালান্ড।

এদিকে ইন্তার মিলানের অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন মার্তিনেজ। ইতালিয়ান ক্লাবটির হয়ে খেলছেন ২০১৮ সাল থেকে। ক্লাবের হয়ে লিগ শিরোপা জিতলেও ইউরোপ সেরা টুর্নামেন্টের ফাইনালে এবারই প্রথম খেলবেন তিনি। এবার চ্যাম্পিয়নস লিগে ৩ গোল করেছেন মার্তিনেজ। সেমিফাইনালের দ্বিতীয় লেগে দলের একমাত্র গোলটি করেন তিনি।

মার্তিনেজের দল ইন্তার এবার সিরি আ’তে তৃতীয় হয়ে মৌসুম শেষ করে। লিগে দলের হয়ে সর্বোচ্চ গোল (২১) করেন তিনি। যা এ মৌসুমে সিরি আ’তে দ্বিতীয় সর্বোচ্চ গোল। এবার সব মিলিয়ে ৫৬ ম্যাচে ২৮ গোল, ১১ অ্যাসিস্ট মার্তিনেজের। তার জোড়া গোলে ২০২২-২৩ মৌসুমে ইতালিয়ান কাপ জিতেছে ইন্তার।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগে মার্তিনেজ বলেন, ‘সিটিকে আমরা সম্মান করি, তাদের দারুণ সব খেলোয়াড় আছে। এও-জানি তারাও আমাদের সম্মান করে। আমরা কি করতে পারি তা নিয়ে তারা চিন্তিত থাকবে।’

মার্তিনেজের কাছে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল বিশেষ কিছু, ‘আমরা সম্ভাব্য সব প্রস্তুতি নিয়েছি সপ্তাহ জুড়ে। আমি ম্যাচ নিয়ে ভাবছি। এই পর্যায়ে (ক্লাবে) সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ এটি।’

২০২২-এর ডিসেম্বরে আর্জেন্টিনা হয়ে বিশ্বকাপ জিতেছেন লাউতারো মার্তিনেজ। ইন্তারের হয়ে জেতেন ইতালিয়ান কাপ ও সুপার কাপ। এবার চ্যাম্পিয়নস লিগ জিতলে পূর্ণতা পাবে মার্তিনেজের মৌসুম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত