চ্যাম্পিয়নস লিগ ফাইনাল

১৩ বছর পর শেখ মনসুর

আপডেট : ১০ জুন ২০২৩, ০৮:৪৬ পিএম

দল কিনেছেন ২০০৮ সালে। তারপর থেকেই আড়ালে থেকেছেন। গ্যালারিতে বসে নিজের মালিকানাধীন দলের খেলায় খুব একটা দেখা যায়নি। ম্যানচেস্টার সিটি মালিক শেখ মনসুরের এই ইচ্ছেটাও খুব ছিল না। গত ১৫ বছরে তাকে মাঠে দেখা গেছে মাত্র একবারই। ২০১০ সালে ইত্তিহাদে লিভারপুলের বিপক্ষে ৩-০ গোলে জিতে সিটি। সেদিনের পর আর তাকে দেখা যায়নি দলের কোনো খেলার দিনে।

আজ ১৩ বছর পর ম্যানসিটি যখন ট্রেবল জয়ের কাছাকাছি। তখন ফের দলকে জেতার তাড়না অনুভব করেছেন মনসুর। হয়ত সেই এক ম্যাচ দিয়েই যাচাই করে ফেলেছেন, তিনি মাঠে থাকলে হারে না সিটি। এমন মিথ ভেবেই হয়ত তিনি হাজির হয়েছেন ইস্তানবুলে। কামাল আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত থাকবেন এই আরব ধনকুবের।

ম্যানচেস্টার সিটির ১৪৩ বছরের ইতিহাসে আজকের রাতটি বিশেষ। চারিদিকে আবহ এমন যে ম্যানসিটি চ্যাম্পিয়ন্স লিগ জিতবেই। সেই আবহ আরও সত্যি করে উপস্থিত হচ্ছেন শেখ মনসুর। তার উপস্থিতিতে ২০১০ এ ম্যাচ জিতেছিল ম্যানসিটি। আজ তার সৌভাগ্যের পুনরাবৃত্তির পালা।

সংবাদ মাধ্যমের খবর আবুধাবী থেকে শেখ মনসুর ব্যাক্তিগত বিমানে (প্রাইভেট জেট) চড়ে তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন। মনসুরকে সঙ্গে নিয়ে সিটি ইংলিশ ফুটবল রূপকথার অংশ হতে চায়। প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জয় দিয়ে অনেকটা কাজ সেরে রেখেছে দলটি। এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতলে ১৯৯৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের পর দ্বিতীয় দল হিসেবে এক মৌসুমে ট্রেবল জিতবে সিটিজেনরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত