কোরবানি পশু

গরু-মহিষ বেশি চট্টগ্রামে

আপডেট : ১৮ জুন ২০২৩, ০৭:১১ পিএম

কোরবানির ঈদকে টার্গেট করে দেশে গরু, ছাগল, মহিষ, ভেড়া পালন বেড়েছে। ফলে গত প্রায় পাঁচ বছর ধরে কোরবানির সময় পার্শ্ববর্তী দেশগুলো থেকে কোনো পশু আমদানি করতে হয় না। এবার গরু ও মহিষ পালনে শীর্ষে রয়েছে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগে এবার কোরবানির উপযোগী গরু রয়েছে ১২ লাখ ৪ হাজার ১০৮টি এবং মহিষ রয়েছে ১ লাখ ৪৯২টি।

এ ছাড়া গরু ও মহিষ পালন দ্বিতীয় অবস্থানে রাজশাহী বিভাগ। আর গরু পালনে তৃতীয় অবস্থানে রয়েছে রংপুর বিভাগ এবং মহিষ পালন তৃতীয় অবস্থানে রয়েছে বরিশাল বিভাগ।

প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যমতে, এবার কোরবানির মৌসুমে ঢাকা বিভাগে কোরবানির উপযোগী গরু রয়েছে, ৪ লাখ ৮১ হাজার ১৯৩টি, মহিষ রয়েছে ৫ হাজার ৫৮৪টি, রাজশাহী বিভাগে গরু রয়েছে ১১ লাখ ৬০ হাজার ৭২৩টি এবং মহিষ রয়েছে ২২ হাজার ২০২টি, খুলনা বিভাগে গরু রয়েছে ৪ লাখ ৫১ হাজার ১৩৭টি এবং মহিষ রয়েছে ৫ হাজার ৫৬টি, বরিশাল বিভাগে গরু রয়েছে ২ লাখ ৬১ হাজার ৪৬টি এবং মহিষ রয়েছে ৮ হাজার ৩৪১টি, সিলেট বিভাগে গরু রয়েছে ১ লাখ ৫৯ হাজার ৩টি, মহিষ রয়েছে ৬ হাজার ৪৩৪টি, রংপুর বিভাগে গরু রয়েছে ৭ লাখ ২২ হাজার ৭৪৪টি এবং মহিষ রয়েছে ১ হাজার ৮৯১টি, ময়মনসিংহ বিভাগে গরু রয়েছে ২ লাখ ৪৮ হাজার ৪৪৪টি এবং মহিষ রয়েছে ৫ হাজার ৩৫৪টি।

প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক (খামার) মো. শরিফুল হক দেশ রূপান্তরকে বলেন, দেশে গরু, ছাগল, মহিষ ও ভেড়া পালনে সরকারের বিশেষ সহায়তা দেওয়া হচ্ছে। এ জন্য দেশজুড়ে গবাদিপশু পালন অনেকাংশে বেড়েছে। গত কয়েক বছর ধরে দেশের পশুতে কোরবানিসহ মাংসের চাহিদা পূরণ হচ্ছে।

তিনি বলেন, বছরের শুরু থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে পশু পালনের পরামর্শ এবং মোটাতাজাকরণে ক্ষতিকর মেডিসিন ব্যবহার না করতে সচেতন করা হয়। পাশাপাশি কি পরিমাণ পশু পালন করা হয়; তার হিসাব করা হয়। মাঠ পর্যায় থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় পর্যায়ের হিসাব করা হয়েছে। চলতি বছরে পশু খাদ্যেও দাম বাড়ায় দেশজুড়ে ঘাস উৎপাদনে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

প্রসঙ্গত, এবার কোরবানি উপলক্ষে দেশে কোরবানির উপযোগী পশু রয়েছে ১ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৩৩৩টি। যেটা গত বছরের চেয়ে ৪ লাখ ১১ হাজার ৯৪৪টি বেশি। আর কোরবানি পশুর চাহিদা রয়েছে ১ কোটি ৩ লাখ ৯৪ হাজার ৭৩৯টি। চাহিদা ও সরবরাহের হিসাবে এবার দেশে প্রায় ২১ লাখ ৪১ হাজার ৫৯৪টি পশু বেশি রয়েছে।

এ হিসাব অনুযায়ী এবারও দেশে কোরবানি পশুর কোন সংকট হবে না। তবে পশু খাদ্যের দাম বাড়ায় এবার কোরবানি পশুর দাম অন্তত ১০ শতাংশ বাড়ার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত