রেসিপি

পোলাও নাকি তেহারি রান্না করবেন?

আপডেট : ২৯ জুন ২০২৩, ০৩:০৫ পিএম

বাইরে যাবার তাড়া নেই। তাই সময় নিয়ে প্রিয়জনের জন্য রান্না করুন মজাদার সব ঈদের খাবার।

আখনি পোলাও

উপকরণ: বাসমতি চাল ২ কাপ, মুরগির মাংস ৫০০ গ্রাম, পেঁয়াজ ১টি, গোলমরিচ আধা চা চামচ, দারুচিনি ২ টুকরা, জায়ফল গুঁড়া আধা চা চামচ, রসুন ৬ কোয়া, ধনিয়া ১ চা চামচ, লবণ দেড় চা চামচ, আদা বাটা আধা চা চামচ, টমেটো অর্ধেক, টকদই আধা কাপ, মরিচ গুঁড়া আধা চা চামচ, এলাচ ২টি, লবঙ্গ ৪টা, তেজপাতা ১টি, ঘি ১ টেবিল চামচ, জয়ত্রী গুঁড়া আধা চা চামচ, পানি ৩ কাপ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, মৌরী গুঁড়া এক চিমটি ।

যেভাবে তৈরি করবেন

১. চাল পানিতে ভিজিয়ে রাখুন।

২. পাতলা কাপড়ে পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, আস্ত আদা, গোলমরিচ, এলাচ, ধনে, লবঙ্গ, দারুচিনি, জায়ফল ও জয়ত্রী গুঁড়া নিন। কাপড়টি ভালো করে গিঁট দিয়ে নিন।

৩. পাত্রে পানি নিয়ে মুরগির মাংসের টুকরা ও ১ চা চামচ লবণ চুলায় দিন। কাপড়সহ মসলা দিয়ে দিন পাত্রে। মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মাংস সেদ্ধ হয়ে গেলে পাত্র চুলা থেকে নামিয়ে মাংসের টুকরা ও মসলা আলাদা করে রাখুন।

৪. আর একটি পাত্রে তেল গরম করে অর্ধেক পেঁয়াজ ভেজে নিন। এবার বাকি পেঁয়াজ, জিরা, আদা-রসুন বাটা-টমেটো কুচি, মরিচ গুঁড়া, ধনেগুঁড়া দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ পর দই ও গরম মসলা দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। টমেটো সেদ্ধ হয়ে গেলে মৌরী ও মুরগির মাংসের টুকরা দিয়ে পাত্র ঢেকে রাখুন ২ মিনিট।

৫. কাপড়ে সেদ্ধ করা মসলা দিয়ে দিন একই পাত্রে। চাল দিয়ে নাড়তে থাকুন। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত উচ্চ তাপে রান্না করুন। পানি শুকিয়ে গেলে ঘি ও ভাজা পেঁয়াজ কুচি ছিটিয়ে পাত্রের মুখ বন্ধ করে দিন আটা দিয়ে। মৃদু আঁচে ১৫ মিনিট রেখে পরিবেশন করুন।

তেহারি

উপকরণ

ধাপ: ১

গরুর মাংস ১ কেজি, এলাচ ৫টা, দারুচিনি ৪টা, লং ১২টা, পানি দেড় লিটার, লবণ দেড় চা চামচ

মাংস তৈরি: সব উপকরণ মিশিয়ে মাংস এক ঘন্টা সেদ্ধ করে নিন।

ধাপ: ২

পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ বাটা ১ চা চামচ, টালা জিরার গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ২ চা চামচ, কাঠবাদাম বাটা ২ চা চামচ, সাদা সরিষা বাটা ২ চা চামচ, সরিষার তেল আধা কাপ, টক দই সিকি কাপ, লবণ ১ চা চামচ, পোলাও চাল ১ কেজি।

যেভাবে তৈরি করবেন

১. হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে ভাজুন।

২. পেঁয়াজ লালচে হলে আদা রসুন বাটা, দই ও বাকি উপকরণ ও সেদ্ধ মাংসের পানি দিয়ে কষিয়ে নিন।

৩. এরপর মাংসের টুকরা দিয়ে অল্প আঁচে ৮ মিনিট রান্না করুন।

৪. রান্না শেষে ঝোল থেকে মাংস উঠিয়ে সেই ঝোলের মধ্যে আরও পানি দিন।

৫. পানি ফুটে উঠলে আস্ত কাঁচা মরিচ, গোটা গরম মসলা দিয়ে দিন।

৬. পোলাও চাল ধুয়ে এর মধ্যে দিয়ে ঢেকে ১০ মিনিট বেশি আঁচে পরে মাঝারি আঁচে আরও ৫ মিনিট রান্না করে নামিয়ে পরিবেশন করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত