সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশে ফিরেছেন। রাষ্ট্রপতি তার পত্নী ড. রেবেকা সুলতানা ও পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ এবং সফরসঙ্গীদের বহনকারী বিমানটি রবিবার (০২ জুলাই) দিবাগত রাত ১টা ৪৭ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি কমপ্লেক্সে তাকে অভ্যর্থনা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, ডিপ্লোমেটিক কোরের ডিন মাজিদ হালিম, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসেফ আল দুহাইলান, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
সৌদি সরকারের রাজকীয় মেহমান হিসেবে হজ পালনের জন্য ১০ দিনের সফরে সৌদি আরব যান রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যরা।
রাষ্ট্রপতি পবিত্র হজের আনুষ্ঠানিকতার শেষ দিনে গত শুক্রবার রাতে মদিনা পৌঁছান। সেখান থেকে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি-৩৩৮) ৩ জুলাই ঢাকায় অবতরণ করেন।
