শাহ আমানত বিমানবন্দরে অচলাবস্থা, সেই মোহায়মেনকে ‘স্ট্যান্ডরিলিজ’

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক অডিট টিমের সফরের সময় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির ঘটনায় প্রশাসনিক কর্মকর্তা এম কায়সার মোহায়মেনসহ তিন কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সোমবার (৯ নভেম্বর) জারি করা আদেশে মোহায়মেন ও বিমানবন্দর ওয়েলফেয়ার কমিটির সেক্রেটারি হাকিম সরকারকে যশোর বিমানবন্দরে এবং ইএম বিভাগের ফোরম্যান ফজলুল করিম মজুমদারকে ঈশ্বরদী বিমানবন্দরে বদলি করা হয়েছে।

বেবিচক সদর দপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) তিরান হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।

তবে এ বদলি আদেশ নিয়ে বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, বিমানবন্দরের প্রশাসনিক বিশৃঙ্খলার জন্য মূলত দায়ী এম কায়সার মোহায়মেন। অথচ তাঁর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সোচ্চার থাকায় হাকিম সরকার ও ফজলুল করিম মজুমদারকেও বদলি করা হয়েছে।

অভিযোগ রয়েছে, একসঙ্গে ছয়টি পদে দায়িত্ব পালনকারী মোহায়মেনের স্বেচ্ছাচারিতা ও গাফিলতির কারণে বিমানবন্দরের প্রায় সাড়ে তিন শ কর্মকর্তা-কর্মচারী গত অক্টোবর মাসের বেতন সময়মতো পাননি। এ নিয়ে গত ২ নভেম্বর দুপুরে আন্তর্জাতিক অডিট টিমের উপস্থিতিতেই তাঁর দপ্তরের সামনে বিক্ষোভ করেন কর্মীরা। এ সময় মোহায়মেনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দুর্নীতি ও হয়রানির অভিযোগ তুলে তাঁর বিচার দাবি করেন তাঁরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই প্রতিবাদ কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করেন হাকিম সরকার ও ফোরম্যান ফজলুল করিম মজুমদার। বিমানবন্দরের একাধিক কর্মকর্তার মতে, বিশৃঙ্খলার জন্য দায়ী মোহায়মেনের বদলির সিদ্ধান্ত যৌক্তিক হলেও হাকিম সরকার ও ফজলুল করিমের বদলি অন্যায্য। তাঁদের বিরুদ্ধে কখনো অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠেনি বলেও দাবি করেন তাঁরা।

নাম প্রকাশ না করার শর্তে বিমানবন্দরের একাধিক কর্মকর্তা অভিযোগ করেন, বেবিচক বদলির আদেশ জারি করলেও এম কায়সার মোহায়মেনের বদলি ঠেকাতে ঢাকায় সদর দপ্তরে তৎপরতা চালাচ্ছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন নুর হোসেন। মোহায়মেনকে ছাড়া বিমানবন্দর পরিচালনা করা তাঁর পক্ষে সম্ভব নয় বলেও সদর দপ্তরকে জানিয়েছেন পরিচালক।

মোহায়মেন একসঙ্গে ছয়টি পদে দায়িত্ব পালনের বিষয়টি স্বীকার করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন নুর হোসেন। বদলি ঠেকাতে সদর দপ্তরে তৎপরতার অভিযোগ প্রসঙ্গে মঙ্গলবার বিকেলে তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘প্রশাসনিক কর্মকর্তা বিমানবন্দরের একটি গুরুত্বপূর্ণ পদ। এ ছাড়া মোহায়মেন এমটি ও সম্পত্তি বিভাগসহ একাধিক শাখার দায়িত্ব পালন করছেন। সদর দপ্তরকে বলেছি, আমি মোহায়মেনকে ছেড়ে দিচ্ছি। কিন্তু তাঁর জায়গায় অন্য কাউকে পদায়ন না করলে বিমানবন্দরের প্রশাসনিক শাখায় অচলাবস্থা সৃষ্টি হবে। সদর দপ্তর আমাকে আশ্বস্ত করেছে, আগামী তিন-চার দিনের মধ্যে মোহায়মেনের জায়গায় অন্য একজনকে পাঠানো হবে।’

এদিকে মোহায়মেনের বিরুদ্ধে অধস্তন কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, বদলি ও পদোন্নতির ফাইল আটকে রাখা এবং ইজারাদারদের হুমকি দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। বিমানবন্দরের এক কর্মকর্তার ভাষ্য, ওয়েলফেয়ার কমিটির সেক্রেটারি হাকিম সরকার ২৭ বছর ধরে এবং ইএম বিভাগের ফোরম্যান ফজলুল করিম মজুমদার ২৯ বছর ধরে চাকরি করছেন। মোহায়মেনের কথিত অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকায় তাঁরা বিমানবন্দরের একটি চক্রের রোষানলে পড়েছেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, বিমানবন্দর পরিচালকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মোহায়মেন তাঁর দপ্তরে কর্মরত শাহিদাকে দিয়ে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে ফজলুল করিম ও হাকিম সরকারকে ফাঁসানোর চেষ্টা করেছেন।

সংশ্লিষ্টদের তথ্যমতে, এম কায়সার মোহায়মেন একসঙ্গে প্রশাসন, এমটি, কেনাকাটা ও পিপিআর, ফ্রেইট এবং ভূ-সম্পত্তি বিভাগের দায়িত্ব পালন করছেন। একাধিক গুরুত্বপূর্ণ পদ এক ব্যক্তির হাতে থাকায় অনিয়মের সুযোগ তৈরি হয়েছে বলে অভিযোগ তাঁদের।

আন্তর্জাতিক অডিট টিমের উপস্থিতিতে বিশৃঙ্খল পরিস্থিতির পর বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন নুর হোসেন প্রায় সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করলেও মোহায়মেনকে জিজ্ঞাসাবাদ করেননি বলে অভিযোগ করেছেন কর্মচারীরা।

এ বিষয়ে পরিচালক নুর হোসেন বলেন, ‘বেতন না পাওয়া নিয়ে কর্মচারীদের ক্ষোভ এবং তাঁদের কাছ থেকে ঘুষ হিসেবে টাকা নেওয়ার অভিযোগ ওঠায় প্রায় সবাইকে আমার দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করেছি। কেউ তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দিতে পারেননি। এ কারণে মোহায়মেনকে ডেকে জিজ্ঞাসাবাদ করিনি।’

কর্মচারীদের অভিযোগ, গত ১৮ অক্টোবর তাঁদের পে-স্কেল ফিক্সেশনের ফাইল মোহায়মেনের দপ্তরের অ্যাকাউন্টস শাখা থেকে পাঠানো হলেও তিনি পরদিন ১৯ অক্টোবর তা অফিসিয়ালি গ্রহণ করেন। পরিচালকের নির্দেশে কর্মচারীরা ফাইল প্রস্তুত করে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করলেও মোহায়মেন স্বাক্ষর না করায় তা পাঠানো সম্ভব হয়নি। এভাবে গত ২৯ অক্টোবর পর্যন্ত ফাইলটি তাঁর দপ্তরে আটকে ছিল। পরে ওই দিন বিকেলে বিমানে করে ফাইলটি ঢাকায় পাঠানো হয়।

ফাইল পাঠাতে বিলম্ব হওয়ায় সাড়ে তিন শ কর্মচারীর অক্টোবর মাসের বেতন পরিশোধেও জটিলতা তৈরি হয়। ঢাকায় ফাইল পৌঁছানোর পর অডিট ও স্বাক্ষর প্রক্রিয়ায় বিলম্ব হয়। পরে চট্টগ্রাম থেকে পরিচালকের ব্যক্তিগত সহকারী (পিএ) ও অ্যাকাউন্টস কর্মকর্তাকে ঢাকায় নিয়ে সদর দপ্তরের সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে ফাইলে স্বাক্ষর করানো হয়। এরপর ফাইলটি চট্টগ্রামে পাঠানো হয়।

পরবর্তী সময়ে গত ৫ নভেম্বর কর্মচারীরা বেতন পেলেও পে-স্কেলের বর্ধিত অংশ পাননি। সংশ্লিষ্টদের দাবি, এখনো বিমানবন্দরের ২২ জন কর্মচারী অক্টোবর মাসের বেতন পাননি।

এসব অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার বিকেল ৪টার দিকে এম কায়সার মোহায়মেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত