ফের বাড়ছে মরিচের দাম

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৩:২২ পিএম

মোংলায় আজ (বৃহস্পতিবার) আবারো দাম বেড়ে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫০০টাকা কেজি দরে। এর আগে বুধবার প্রতি কেজি কাঁচামরিচ ৪০০টাকা ও মঙ্গলবার ৩০০টাকা কেজি দরে বিক্রি হয়েছিল ।

পৌরসভার প্রধান কাঁচা বাজারের বিক্রেতারা বলেন, ৮০০টাকা থেকে দাম কমে ৩০০টাকা কেজি বিক্রি করা হয়েছিলো। এরপর ৩০০টাকা হওয়ার পর আবার প্রতিদিন কেজিতে দাম বাড়ছে ১০০টাকা করে। আজ থেকে আবার ৫০০টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

ক্রেতা শাহজাহান সিদ্দিকী ও ওমর ফারুক বলেন, বাজারে হঠাৎ করে কাঁচা মরিচের দাম বাড়ছে। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের কোন নজরদারি ও তদারকি নেই, যার ফলে বাজার সিন্ডিকেট বেপরোয়া।

ক্রেতা রিচার্ড হালদার বলেন, ৫০০টাকা কাঁচা মরিচের কেজি, এতো দাম দিয়ে কিনব কীভাবে।

বাজারে আসা আলেয়া বেগম বলেন, তরিতরকারি কোন রকম কিনেছি, কিন্তু দাম বেশি হওয়া কাঁচা মরিচ কিনতে পারেনি, শুকনো মরিচ দিয়ে রান্না করতে হবে।

আরেক ক্রেতা মকবুল ইলসাম বলেন, প্রতিদিন কাঁচা মরিচের দাম বাড়ছে । তারপরও না নিলে বাসায় চিল্লাপাল্লা করে। তাই ৫০গ্রাম কাঁচা মরিচ নিয়েছি ।

এদিকে এতে বেশি দামে মরিচ কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। মরিচ কেনা নিয়ে বাজারে ক্রেতাদের রয়েছে ক্ষোভও। গৃহিণী নুরনাহার বেগম বলেন, ১০টাকায় ৭টি মরিচ কিনেছি। অপর গৃহিণী ৫০গ্রাম মরিচ কিনেছেন ৬৫ টাকায়। আবার দাম বেশি হওয়ায় মরিচ না কিনেই ফিরে যাচ্ছেন কেউ কেউ। বেশি দামে বিক্রি করায় লাভ বেশি হওয়াতে বিক্রেতাদের মুখে হাসি থাকলেও ক্রেতাদের মুখ মলিন।

অপরদিকে সিন্ডিকেট করে মালামাল বিক্রি করায় কাঁচামাল ব্যবসায়ী সুমন হাওলাদার ও রফিকুল ইসলামের সদস্য পদ বাতিল করেছেন মোংলা কাঁচা বাজার সমবায় সমিতি।

সমিতির সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, সুমন ও রফিকের বিরুদ্ধে সিন্ডিকেট করে কাঁচামাল বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার তাদের সমিতির সদস্য পদ বাতিল করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ বলেন, শীঘ্রই বাজার তদারকি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত