রাশিয়ার বিরুদ্ধে সাময়িক বিদ্রোহ প্রত্যাহারের প্রায় এক মাস পর জনসমক্ষে এসেছেন ওয়াগনার বস ইয়েভগিনি প্রিগোজিন। গতকাল বুধবার সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেল থেকে প্রিগোজিনের একটি ভিডিও প্রকাশ করা হয়। এতে নিজ সেনাদের উদ্দেশ্যে বিভিন্ন কথা বলতে শোনা যায় তাকে।
ওয়াগনার সেনাদের প্রশংসা করে প্রিগোজিন বলেন, বেলারুশে স্বাগতম। আমরা সম্মানের সঙ্গে লড়াই করেছি। আমরা রাশিয়ার জন্য অনেক কিছু করেছি।
ইউক্রেনে রুশ বাহিনীর বর্তমান অবস্থার সমালোচনা করে তিনি বলেন, সম্মুখভাগে যা হচ্ছে তা অসম্মান। সেখানে আমাদের যোগ দেওয়ার প্রয়োজন নেই। নিজেদের প্রমাণের জন্য আমরা সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করব।
ভিডিওটিতে দাবি করা হয়, প্রিগোজিন বেলারুশে ওয়াগনারের কয়েক হাজার যোদ্ধার সামনে কথা বলেছেন। যদিও বিষয়টি এখনও ঘোলাটে। কারণ প্রিগোজিনের ভিডিওটি সন্ধ্যার দিকে ধারণ করা হয়েছে। ফলে তার আশপাশে কি রয়েছে সেটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে গত ২৩ জুন বিদ্রোহ করে ভাড়াটে বাহিনী ওয়াগনার। ওই বিদ্রোহের পর আড়ালে চলে গিয়েছিলেন ওয়াগনার বস প্রিগোজিন। অবশেষে জনসমক্ষে দেখা গেল তাকে। এর মাধ্যমে তার মৃত্যু নিয়ে যে রহস্য তৈরি হয়েছিল তা কিছুটা হলেও জট খুলল।
সূত্র: দ্য গার্ডিয়ান