পটিয়ায় তিন ভাগে শোক দিবস পালন করল আওয়ামী লীগ

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৪:৪৬ পিএম

চট্টগ্রামের পটিয়ায় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা তিন ভাগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে।

একপক্ষের নেতৃত্বে ছিলেন সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী, আরেক পক্ষে ছিলেন বিজিএমইএ'র সাবেক সহসভাপতি ও জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাছির। এ ছাড়া আরো একটি পক্ষের নেতৃত্ব দেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল থেকে তিন কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।

উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া-মোনাজাত, আলোচনা সভা ও শোক র‌্যালিও করতে দেখা গেছে আলাদাভাবে।

শোক র‌্যালিতে তিন পক্ষের অনুসারী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পৃথক পৃথক শোক র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে।

হুইপ সামশুল হক চৌধুরী বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তার নেতৃত্বে বিকেলে রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অপরদিকে বেলা ১২টায় বিজিএমইএর সাবেক সহসভাপতি ও জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাছিরের নেতৃত্বে পটিয়া রয়েল কমিউনিটি সেন্টারের সামনে থেকে একটি শোক র‌্যালি বের হয় । র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে অংশগ্রহণ করে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে মেজবানে অংশ নেন।

এ ছাড়া পটিয়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের একটি অংশের উদ্যোগে পটিয়া মুন্সেফ বাজারে দলীয় কার্যালয়ে খতমে কোরআন, মিলাদ, দোয়া মাহফিল, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও তবারক বিতরণ করা হয় কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলমের নেতৃত্বে।

হুইপ সামশুল হক চৌধুরীর সঙ্গে আলোচনাসভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম চেমন আরা তৈয়ব, চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট আবদুর রশিদ, দেবব্রত দাশ দেবু প্রমুখ।

বিজিএমইএ নাছির সমর্থিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমদ, বিজিএমইএ'র সাবেক সহ সভাপতি মোহাম্মদ নাছির, জেলা আওয়ামী লীগ নেতা সেলিম নবী, মোজাহেরুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দীন প্রমুখ।

অপর আলোচনা সভায় কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক মুহাম্মদ বদিউল আলম নেতৃত্বে উপস্থিত ছিলেন কবি নূর মোহাম্মদ চৌধুরী, সাহিত্য রত্ন ফাউন্ডেশনের উপদেষ্টা মিসেস রেহানা চৌধুরী, প্রবীণ আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম চৌধুরী, মোজাম্মেল হক চৌধুরী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত