পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিহত করতে পুলিশের সব সদস্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
শনিবার (১৯ আগস্ট) রাজারবাগ পুলিশ লাইনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, যারাই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে, তাদের যথাযথভাবে কঠোর হাতে দমন করা হবে। একটি মহল দেশকে উল্টো পথে নিয়ে যেতে চাচ্ছে। স্বাধীনতাবিরোধীরা সবসময় বঙ্গবন্ধুর নাম এ দেশের ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছে।
তিনি বলেন, দেশে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। সেই অনুযায়ী কাজও করা হবে। বর্তমানে স্বাধীনতাবিরোধীরা নানা ধরণের অপচেষ্টা চালাচ্ছে। এর আগে পুলিশ তাদের প্রতিহত করতে যেভাবে দায়িত্ব পালন করেছে এবারও ঠিক সেভাবেই আইন অনুযায়ী পেশাদারিত্বের সঙ্গে একই ভূমিকা পালন করবে।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) মো. মনিরুল ইসলাম।
