পুলিশের এসপিসহ ১৪ কর্মকর্তার রদবদল

বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম

সুনামগঞ্জ, লালমনিরহাট, নড়াইল, খুলনা, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ জেলার পুলিশ সুপারসহ (এসপি) ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল এনেছে সরকার।

বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বদলি ও পদায়ন হওয়া ১৪ কর্মকর্তার সবাই পুলিশ সুপার পদমর্যাদার।

প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেনকে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। তার স্থলে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার আমিরুল ইসলাম। একইভাবে লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে টুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে। ওই জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার হারুন অর রশিদ।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মো. তৌহিদুল আরিফকে নড়াইল জেলার পুলিশ সুপার করা হয়েছে। অন্যদিকে খুলনা জেলার পুলিশ সুপার সরকার ওমর ফারুককে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন এপিবিএনের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের।

ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে অবস্থিত এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। তার জায়গায় ফেনীর পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন গাইবান্ধার বর্তমান পুলিশ সুপার মো. জসিম উদ্দিন। আর গাইবান্ধার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকার স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম।

এ ছাড়া খুলনা মহানগর পুলিশের উপকমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ কার্যালয়ে বদলি করা হয়েছে। এপিবিএনের পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে চট্টগ্রাম মহানগর পুলিশে পদায়ন করা হয়েছে। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে। তার স্থলে নওগাঁর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার ছুফি উল্লাহ।

এর আগে মঙ্গলবার খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমানসহ পুলিশের আরও ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত