সকালের নাশতায় বা রাতের খাবারে অনেকেই রুটি খান। কিন্তু আটা মাখার ঝামেলার কারণে অনেকেই একসঙ্গে অনেকটা আটা মেখে রেখে দেন। তার পর সেখান থেকে পরিমাণমতো নিয়ে রুটি তৈরি করেন। কিন্তু সমস্যা হলো, আটা মেখে কয়েক দিন রেখে দিলে আবার কালো হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। নিচের উপায়গুলো মেনে চললে অনেক দিন পর্যন্ত আটা থাকবে টাটকা।
আটা মাখতে বেশি পানি ব্যবহার করবেন না। বেশ কিছু দিনের জন্য অনেকটা আটা বা ময়দা মেখে রাখতে চাইলে সবসময় শুকনো করে মাখার চেষ্টা করুন। আটা মাখার সময় যেন বেশি পানি না পড়ে। কারণ পানির ভাগ বেশি হলে তা দ্রুত কালো হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
অল্প তেল কিংবা ঘি দিয়ে তবেই আটা বা ময়দা মাখুন। এতে আটার তাল মসৃণ থাকে এবং অনেক দিন রাখলেও কালো হয় না। এ ছাড়া, যে কৌটাতে আটা রাখবেন, তার গায়ে অল্প সাদা তেল মাখিয়ে নিন। এতে অনেক দিন রেখে দিলেও ভালো থাকবে আটা বা ময়দা মাখা।
আটা, ময়দা মাখার সময় গরম পানি ব্যবহার করুন। ঠান্ডা পানি দিয়ে মেখে রাখলে তা দ্রুত কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গরম পানি ব্যবহারে কালো হয়ে যাওয়ার আশঙ্কা অনেকটাই কম থাকে।
মাখানো আটা বা ময়দা এয়ার টাইট কৌটায় রাখুন। বাতাসে ভাসমান ব্যাক্টেরিয়ার সংস্পর্শে এসে আটা কালো হয়ে যায়। তাই এয়ার টাইট কৌটা ব্যবহার করুন।
আটা বা ময়দা মেখে অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে এয়ার টাইট কৌটাতে ভরে রাখুন। এবার পাত্রটি ফ্রিজে সংরক্ষণ করুন। সে ক্ষেত্রে তার মধ্যে বাতাস প্রবেশ করতে পারবে না, আর কালো হওয়ার ভয়ও থাকবে না।
