এখন গরু ছাড়া কেউ পান্তাভাত খায় না: মতিয়া চৌধুরী

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৯:২২ পিএম

দেশে এখন গরু ছাড়া কেউ পান্তাভাত খায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী।

তিনি বলেন, , খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা এ পাঁচ মৌলিক চাহিদার কথা এতদিন সংবিধানে ছিল বাস্তবে ছিল না, কিন্তু শেখ হাসিনা তা পূরণ করেছেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে দোয়া মাহফিল ও আলোচনা সভায় মতিয়া চৌধুরী এসব বলেন। বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ও কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের যৌথ আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু অন্ন, বস্ত্র, বাসস্থানের নিশ্চয়তা চেয়েছিলেন। দেরিতে হলেও আমরা স্বাধীনতার ৫০ বছর পর তা বাস্তবায়ন করতে পেরেছি। শহর তো বটেই, আজ গ্রামেও যদি ফকিরকে খাওয়াতে যায় তাহলে তাদের আগে বলতে হয় কী দিয়ে খাওয়াবে, তা ছাড়া তারা খাইতে আসে না। আর একমাত্র গরু ছাড়া পান্তাভাত কেউ খায় না’।

তিনি বলেন, ‘আগে মানুষ সেকেন্ড হ্যান্ড কাপড় ফুটপাত থেকে কিনে পরত, আর এখন সেকেন্ড হ্যান্ড কাপড় দিয়ে গাড়িও মুছে না। নতুন কাপড় ব্যবহার করে। শিক্ষার দিকে তাকান, বিশ্বের কোনো দেশে এভাবে বই উৎসব করে না। আবার অনেক উন্নত চিকিৎসা কমিউনিটি ক্লিনিকে পাওয়া যায়। তা ছাড়া আমরা লাল-সবুজের বাসস্থান করে দিচ্ছি আরও দেওয়া হবে। শুধু তাই নয় তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও করে দেওয়া হচ্ছে’।

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম অনুষ্ঠানে বলেন, ‘জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে বিএনপি-জামায়াতের কষ্ট লাগে, তারা প্রতিবাদ করে। ’৭৫ এর খুনিদের তারা আইন করে রক্ষা করেছে।

তিনি আরো বলেন, ‘সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি যখন আঘাত করে, যখনই তাদের মোকাবিলা করা হয়, তখনই মির্জা ফখরুল ইসলাম আলমগীররা বলে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নাই, কোনো সন্ত্রাসী গোষ্ঠী নাই। তাদের রাজনৈতিক লক্ষ্যই হলো সন্ত্রাসী-জঙ্গিবাদকে লালন করা। তারা গণতন্ত্রকে হত্যা করতে চায়’।

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সহ-সভাপতি কৃষিবিদ ডা. মো. মাহবুব আলম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন, কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কৃষিবিদ প্রসেফর ড. মো. গিয়াসউদ্দীন মিয়াসহ কৃষিবিদ নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত