বৃষ্টিদুপুর, বানিয়ে ফেলুন ইলিশ কোর্মা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৯ এএম

বাজারে এখন ইলিশের ছড়াছড়ি। টাটকা ইলিশে বেগুন দিয়ে পাতলা ঝোলও যেন অমৃত। তবে ইলিশের মৌসুমে ইলিশ না খেলে কি চলে? সর্ষে ইলিশ কিংবা ইলিশের ঝাল নয়, স্বাদবদল করতে বাড়িতে বানিয়ে নিন ইলিশ কোর্মা। রইল রেসিপি।

উপকরণ:

ইলিশ মাছ: ৫ পিস

পেঁয়াজ: ১টি বড় (টুকরো করে কাটা)

পেঁয়াজ কুচি: আধ কাপ

রসুন বাটা: ১ চা চামচ

পোস্ত বাটা: ২ টেবিল চামচ

কাজুবাদাম বাটা: ২ টেবিল চামচ

নারিকেলের দুধ: ১ কাপ

কাঁচামরিচ বাটা: ১ টেবিল চামচ

লবণ ও চিনি: স্বাদমতো

সর্ষের তেল: ৪-৫ টেবিল চামচ

ঘি: ১ টেবিল চামচ

দই: ২ টেবিল চামচ

প্রণালী:

ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে হালকা করে ভেজে তুলে রাখুন। এবার সেই তেলে সামান্য ঘি গরম করে পেঁয়াজ লাল করে ভেজে তুলে রাখুন। সেই তেলেই পেঁয়াজ-রসুন বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার একটি পাত্রে দই, কাজুবাদাম, পোস্ত বাটা ফেটে নিয়ে সেই মিশ্রণ কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। স্বাদমতো লবণ-চিনি দিয়ে নারিকেলের দুধ দিয়ে দিন। এবার ঝোল ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দিন। মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রাখার পর ঢাকনা খুলে ওপর থেকে ভাজা পেঁয়াজ ছড়িয়ে গ্যাস বন্ধ করে নিন।

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ইলিশের কোর্মা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত