রাজবাড়ীর পাংশা উপজেলায় এইচএসসি পরীক্ষায় নকল ও মোবাইল ফোন ব্যবহার করার দায়ে ১৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। দায়িত্বে অবহেলা করায় প্রত্যাহার করা হয়েছে দুই শিক্ষককে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজবাড়ীর পাংশা আইডিয়াল মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। প্রত্যাহার দুই শিক্ষক হলেন কলিমহর জহুরুন্নেছা কলেজের প্রভাষক স্বপন মণ্ডল ও পাংশা আইডিয়াল কলেজের প্রভাষক তাসনিমা খানম। এদিন এইচএসসি (বিএমটি) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলছিল।
পাংশা আইডিয়াল কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আব্দুল মান্নান জানান, পরীক্ষা চলাকালীন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিদর্শনে এসে ১৪ জন পরীক্ষার্থীর কাছে নকল সাদৃশ্য কাগজ পান এবং কয়েকজন শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পান। পরে তাদের বহিষ্কারের নির্দেশ দেন। একই সঙ্গে দায়িত্বরত দুই শিক্ষককে প্রত্যাহার করেন।
বহিষ্কার ১৪ পরীক্ষার্থীর মধ্যে ছয়জন কালুখালী সরকারি কলেজের, ছয়জন কসবামাজাইল আমজাদ হোসেন কলেজের এবং দুজন মাজবাড়ি অধ্যাপিকা জাহানরা বেগমের কলেজের ছাত্র।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরী জানান, আকস্মিক কেন্দ্র পরিদর্শনে গিয়ে পাংশা আইডিয়াল মহিলা কলেজের এক কক্ষ থেকে ১১ জন এবং আরেকটি কক্ষ থেকে তিনজনের কাছে নকলের কাগজ পান এবং কয়েকজনের কাছে মোবাইল ফোন পান। যেকারণে তাদের বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে। তারা আর এইচএসসি পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না।
