সরকারি প্রশাসনে শুধুমাত্র ইলেকট্রিক গাড়ি চালানোর সিদ্ধান্ত

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৫ পিএম

গত কয়েক বছর ধরেই ভারতের পশ্চিমবঙ্গে ‘ইলেকট্রিক ভেহিকলস’ চালানোর ওপর জোর দিচ্ছিল রাজ্যটির পরিবহন দপ্তর। গণপরিবহনে যাতে আরও অনেক বেশি সংখ্যায় ইলেকট্রিক গাড়ি চালানো যায় সে বিষয়ে একাধিক পদক্ষেপও নেওয়া হয়েছিল। কিন্তু এবার সরাসরি রাজ্যের প্রশাসনিক কর্তাদের জন্য বিদ্যুৎচালিত গাড়ি ভাড়া নেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হলো।

সম্প্রতি এসংক্রান্ত বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে পরিবহন দপ্তর। যেখানে বলা হয়, এখন থেকে প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের জন্য ইলেকট্রিক গাড়ি ভাড়া নিতে হবে। তার জন্য নতুন দরও ঠিক করে দেওয়া হয়েছে। প্রতিটি ইলেকট্রিক গাড়ির জন্য রাজ্য সরকার মাসে খরচ করবে ৪৬ হাজার টাকা। ১০০ কিলোমিটার চলাচলের জন্য এই ভাড়া বরাদ্দ করা হচ্ছে। তার পর গাড়ি যত কিলোমিটার চলবে, তাতে প্রতি কিলোমিটার-পিছু ৮ টাকা করে দেওয়া হবে।

নতুন ইলেকট্রিক গাড়ি ব্যবহারের ক্ষেত্রে এ দরেই বিভিন্ন সংস্থার থেকে গাড়ি ভাড়া নেবে পরিবহণ দপ্তর। ডিজেল বা পেট্রলের গাড়ি ভাড়া নেওয়া যাবে না এমনটা নয়। তবে এই ধরনের কোনো গাড়ি ভাড়া নিতে হলে আগে অর্থ দপ্তরের অনুমতি নিতে হবে।

পরিবহন দপ্তর সূত্র জানায়, আদালতের একটি নির্দেশের কারণে এ বছর প্রায় ২০ হাজার পেট্রল এবং ডিজেলচালিত ট্যাক্সি বাতিল হয়ে যাবে। ১৫ বছর সময়সীমা উত্তীর্ণ হওয়া এই গাড়িগুলোর বিকল্প ব্যবস্থা করতেই হবে। নাহলে রাজ্য প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের জন্য গাড়ি পাওয়া সম্ভব হবে না। এই বড় অংশের গাড়ি বাতিল হয়ে যাওয়ার ফলে নতুন করে গাড়ি ভাড়া নেওয়ার প্রয়োজন হবে রাজ্য সরকারের। সে ক্ষেত্রে আর পেট্রল বা ডিজেল চালিত গাড়ি ভাড়া না নিয়ে ইলেকট্রিক গাড়ি ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দপ্তর। কারণ, রাজ্য সরকার চাইছে, শহর কলকাতার দূষণ নিয়ন্ত্রণে আনতে বেশি করে ইলেকট্রিক যানবাহন চালাতে। তাতে শহরে দূষণের পরিমাণ কমে যাবে। এ ক্ষেত্রে রাজ্য সরকারের বেশি অর্থ খরচ হলেও, ‘ই’ যানবাহনের ওপরই নির্ভরশীল হতে চাইছে রাজ্য সরকার। কারণ সরকার বিভিন্ন বেসরকারি সংস্থার থেকেই গাড়ি ভাড়া নিয়ে থাকে। এ ক্ষেত্রে সরকার যদি বেশি সংখ্যায় ইলেকট্রিক গাড়ি ভাড়া নেয়, তাহলে বাজারে বেশি সংখ্যায় ইলেকট্রিক গাড়ি বিক্রি হবে। ফলে একদিকে যেমন দূষণ নিয়ন্ত্রণ করা যাবে, তেমনই ইলেকট্রিক গাড়ি চালানোর জন্য কোনো চাপ দিতে হবে না বেসরকারি সংস্থাগুলোকে। তাই ইলেকট্রিক গাড়ি কিনতে একগুচ্ছ ছাড়ের ঘোষণা ইতিমধ্যেই করেছে পরিবহন দপ্তর।

অন্যদিকে, যে সমস্ত ইলেকট্রিক গাড়ি পরিবহন দপ্তর ভাড়া নেবে তার ভাড়াও নির্ধারণ করে দেওয়া হয়েছে। যা পেট্রল এবং ডিজেলচালিত গাড়ির থেকে অনেকটাই বেশি। ২০১৮ সালে শেষবার এধরনের লাক্সারি ট্যাক্সির ভাড়া বাড়িয়েছিল রাজ্য সরকার। সে ক্ষেত্রে প্রতিদিন ৪৬৮ টাকা দরে গাড়ি ভাড়া নিত রাজ্য। কিন্তু সেই ভাড়া এক লাফে প্রায় তিন গুণ করে দেওয়া হয়েছে বলে দাবি।

পরিবহন দপ্তরের এক কর্মকর্তা বলেন, 'রাজ্য সরকার আগেও ইলেকট্রিক গাড়ি ভাড়া নিয়েছে। তবে সে ক্ষেত্রে কোনো নিয়ম বা দর ঠিক ছিল না, সংখ্যাও ছিল হাতে গোনা। কিন্তু এ বার নিয়ম এবং দর ঠিক করেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যার ফলে কোনো পক্ষেরই সমস্যা থাকবে না বলেই আমরা মনে করছি।'

জয়েন্ট কাউন্সিল অব লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সভাপতি শঙ্কর ঘোষ বলেন, 'আমরা রাজ্য সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। তবে পরিকাঠামো না গড়ে ইলেকট্রিক গাড়ি চালানো কতটা সফল হবে, তা নিয়ে আমার প্রশ্ন রয়েছে। এ বিষয়ে পরিবহন দপ্তরের সঙ্গে অনেক আলোচনার প্রয়োজন রয়েছে বলেই আমরা মনে করছি।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত