অভিষেকে জাপানের কাছে ৮ গোলে হার সাবিনাদের

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৪ পিএম

এশিয়ান গেমসে আগে কখনই খেলেনি বাংলাদেশ নারী ফুটবল দল। এবারই প্রথমবার খেলতে গিয়েছিল তারা। তবে অভিষেকটা সুখকর হয়নি তাদের। জাপানের বিপক্ষে ৮-০ গোলে পরাজিত হয়েছেন লাল সবুজরা। তবে হারলেও সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে খেলতে পারাটাই সাবিনা খাতুনদের প্রাপ্তি।

শক্তিশালী জাপানের বিপক্ষে বাংলাদেশের লক্ষ্যই ছিল সম্মানজনক ব্যবধানে হারা। ৯০ মিনিট শেষে অবশ্য সেটা হয়নি। ম্যাচের দুই অর্ধেই বাংলাদেশ চারটি করে গোল হজম করেছে।

৭ মিনিটে চিবার গোলে জাপান স্কোরলাইন খুলে। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন তানিকা। ২৯ মিনিটে চিবা আরেকটি গোল করেন। বিরতির আগে আরেক গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে সাকিবারার জোড়া গোল, তানিকা আরেকটি ও হুইকাতা এক গোল করেন। ফলে ৮-০ গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়ে সাবিনার দল।

শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে সব ক্ষেত্রেই এগিয়ে জাপান। তাই বল পজেশনসহ সবক্ষেত্রেই জাপান ছিল দাপুটে। ম্যাচজুড়ে বাংলাদেশের প্রান্তেই বল ঘুরেছে। বাংলাদেশের খেলোয়াড়রা বল পেলেও বেশিক্ষণ পায়ে রাখতে পারেননি।

সাবিনাদের এশিয়াড অভিষেকের মতো কোচ সাইফুল বারী টিটুর নারী দলের অভিষেকটিও সুখকর হয়নি। পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম। তারাও নারী বিশ্বকাপ খেলেছে সম্প্রতি। গ্রুপের শেষ ম্যাচে নেপালকে হারানোই মূল লক্ষ্য বাংলাদেশের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত