গ্রহাণুর নমুনা নিয়ে পৃথিবীতে অবতরণ করল নাসার প্রোব

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৮ পিএম

সাত বছরের মহাকাশ যাত্রা শেষে এ পর্যন্ত সংগ্রহ করা বৃহত্তম গ্রহাণুর নমুনা বহন করে উটাহ মরুভূমিতে অবতরণ করেছে নাসার ক্যাপসুল। বিজ্ঞানীরা বলেছেন, তারা নমুনাটি নিয়ে অত্যন্ত আশাবাদী। এটি সৌরজগতের গঠন এবং কীভাবে পৃথিবী বাসযোগ্য হয়ে উঠেছে সে সম্পর্কে ভালো ধারণা দেবে।

২০১৬ সালে উৎক্ষেপণের চার বছর পর প্রোবটি গ্রহাণু বেন্নুতে অবতরণ করে এবং এর পাথুরে পৃষ্ঠ থেকে প্রায় নয় আউন্স (২৫০ গ্রাম) ধুলো সংগ্রহ করে।

নাসার প্রশাসক বিল নেলসন বলেছেন, এই সামান্য পরিমাণ নমুনা থেকেও আমরা আমাদের পৃথিবীর জন্য হুমকি হতে পারে এমন গ্রহাণুগুলোর প্রকৃতি সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারব, যা আমাদের সৌরজগতের প্রাচীনতম ইতিহাসে আলোকপাত করবে।

এই নমুনা পৃথিবীতে নিয়ে আসা সত্যিই ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে নাসার বিজ্ঞানী অ্যামি সাইমন বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, অ্যাপোলো চাঁদের শিলা পৃথিবীতে নিয়ে আসার পর থেকে এটিই সবচেয়ে বড় নমুনা হতে চলেছে।

আগামীকাল সোমবার নমুনাটি প্লেনে করে টেক্সাসের হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে পাঠানো হবে। সেখানে বাক্সটি অন্য একটি পরিষ্কার ঘরে খোলা হবে। নাসা আগামী ১১ অক্টোবর একটি সংবাদ সম্মেলনে তার প্রথম ফলাফল ঘোষণা করার পরিকল্পনা করেছে।

আরও পড়ুন: পাখি ধরতে ভারতে ঢুকে পড়েন পাকিস্তানি যুবক, অতঃপর ...

×
সর্বশেষ সর্বাধিক পঠিত