মিস থেকে এবার মিসেস হয়ে উঠলেন পরিণীতি। গতকাল রবিবার উদয়পুরের লেক প্যালেসে গাঁটছড়া বাঁধলেন আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডার সঙ্গে।কড়া নিরাপত্তার মাঝে অনুষ্ঠিত হওয়া এ রাজকীয় বিয়েতে ঘোড়া বা হাতিতে নয়, বড় এসেছিলেন নৌকায় চেপে আর কনেরূপে পরিণীতি হয়ে উঠেছিলেন স্বপ্নের ‘পরি’।
রাত পেরিয়ে সকাল হতেই প্রকাশ্যে আনলেন বিয়ের ছবি। তবে চমক দিলেন কনের ওড়নায়। বেশ লম্বা ও ম্যাচিং ওড়না দেখা যায় তার মাথায়, যা হয়ে ওঠে আকর্ষণের কেন্দ্রবিন্দু। ওড়নায় সোনালি সুতোয় হিন্দিতে লেখা রাঘব। বিয়েতে বেইজ রঙের লেহেঙ্গা পরেছিলেন পরিণীতি। পোশাকের সঙ্গে মানানসই হিরের অলংকারে আরও ঝলমল করছিলেন এই বলিউড নায়িকা। মণীশ মালহোত্রার ডিজাইন করা এই পোশাক যে সকলের নজর কেড়েছে সেটা বলার অপেক্ষা রাখে না।

বিয়ের ছবি শেয়ার করে পরিণীতি লেখেন, ‘ব্রেকফাস্ট টেবিলে আমাদের প্রথম কথা থেকেই মন জানত এই দিনটার জন্য কতদিন অপেক্ষা করেছি। মিস্টার ও মিসেস হতে পেরে ধন্য। একে-অপরকে ছেড়ে আর থাকতে পারছিলাম না। আমাদের একসাথে পথ চলার শুরু হল।’
এর আগেও একাধিক বলি তারকা তাদের বিয়ের ওড়না দিয়ে ট্রেন্ড সেট করেছিলেন। এই বিষয়ে রাজকুমার রাওয়ের স্ত্রী পত্রলেখার কথাই বলা যেতে পারে। তার বিয়ের ওড়না তো এখনও ট্রেন্ডিং। এবার নতুনত্বের ছোঁয়া লাগা এই ওড়না দিয়ে নজর কাড়লেন পরিণীতি।

বোনের বিয়েতে না আসতে পারলেও এদিন শুভেচ্ছা জানান প্রিয়াঙ্কা চোপড়া। তিনি লেখেন, ‘আমার আশীর্বাদ আছে সবসময়।’