দুর্নীতি ছাড়া কোন সেক্টরে চ্যাম্পিয়ন হতে পেরেছি, প্রশ্ন শিহাব শাহীনের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪২ পিএম

বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ দিতে ‘উই ওয়ান্ট দ্য ওয়ার্ল্ড কাপ’ স্লোগানে তারকাদের নিয়ে শুরু হয়েছে সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। দুই ভাগে এতে অংশ নেবেন আটটি দল। এরমধ্যে ‘ব্লাস্টারস’ দলের ক্যাপ্টেন হিসেবে রয়েছেন শিহাব শাহীন।

১৬জনের একটি দল নিয়ে তিনি মাঠে নেমেছেন, হাতে তুলে নিয়েছেন ব্যাট আর বল। তিনি জানান, অনেক দিন ক্রিকেট খেলা হয় না। ৪/৫ বছর পর খেলায় অংশ নিয়েছেন। তার ভাষ্য, ‘আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দেওয়ার জন্যই মূলত এই আয়োজন।’

বাংলাদেশ ক্রিকেট দলের অনেকেই রয়েছে শিহাব শাহীনের পছন্দের খেলোয়াড়ের তালিকায়। এরমধ্যে রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, মিরাজ, শান্ত, শরিফুল।

এদিকে বিশ্বকাপকে সামনে রেখে নতুন স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম ইকবালকে ছাড়া বিশ্বকাপ স্কোয়াড মানতে পারছেন না দেশের ক্রিকেটপ্রেমীসহ অনেকেই। তাদের ধারণা, ষড়যন্ত্র করে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে গত দুই দিনে কম চর্চা হয়নি সোশ্যালে। এমন উদ্ভুত ইস্যুতে কেউ অবস্থান নিচ্ছেন তামিমের দিকে আবার কেউ সাকিব আল হাসানের দিকে।

তবে পক্ষপাতিত্ব করলেন না নির্মাতা শিহাব শাহীন। তিনি জানালেন, বিসিবি যে দল চূড়ান্ত করেছেন তার সঙ্গেই রয়েছেন তিনি। মোটকথা বাংলাদেশ দলের সঙ্গে রয়েছেন। তবে এটুক বললেন, ‘তামিম ইকবাল অবশ্যই একজন ম্যাচিউর খেলোয়াড়, শেষ দিকে এসে এমন কাহিনির কোন মানেই হয় না। এমন কোন পরিস্থিতি সৃষ্টি না হোক যেটার জন্য এই দলটা নষ্ট হয়।’

এই স্কোয়াড নিয়ে বিশ্বকাপ জয় করা সম্ভব কিনা, আপনার কি মনে হয়, এমন প্রশ্নে দেশ রূপান্তরকে শিহাব শাহীন বলেন, ‘আমরা বিশ্বকাপ জয়ের দিবাস্বপ্ন দেখছি কেন? আমরা কবে কোন কাপ জিতেছিলাম! হঠাৎ করে বিশ্বকাপ জিততে চাই কেন? এটা তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা। আমি জেগে জেগে স্বপ্ন দেখতে রাজি কিন্তু ঘুমিয়ে নয়। আমাদের টিম যদি সেমি-ফাইনালও টার্গেট করে, সেটা অতিক্রম করা অনেক কষ্টসাধ্য। হঠাৎ করে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যাব কি বুঝে! কোন সেক্টরে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি? দুর্নীতি ছাড়া আর কোথাও তো বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারিনি। বাকি আর কোনো সেক্টরেই তো চ্যাম্পিয়ন না। না হতে পেরেছি শিক্ষা ক্ষেত্রে, না অন্য কোনো ক্ষেত্রে। বিশ্বের কোনো র‍্যাংকিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো নেই। কেউ রাস্তার আইন মানে না, কিছু না। জাতিগতভাবে কোনো কিছুতেই তো আমরা এগুতে পারিনি। অথচ আমরা শুধু আমাদের ক্রিকেটারদের প্রেশার দিচ্ছি বিশ্ব চ্যাম্পিয়ন হতে। কীভাবে সম্ভব! আমি সেই স্বপ্নই দেখি না। এটুক আশা করতে পারি যে আমাদের ছেলেরা ভালো খেলবে। যদি হাইপোথিয়েটিক্যালি হয় তাহলে সে স্বপ্ন দেখতে পারি যে, আমাদের দল জিতবে। যেটা বিশ্বের অন্যান্য দেশেও হয়েছে। একটা সময় শ্রীলংকাকে কেউ পাত্তাই দেয়নি অথচ তারা জিতেছে, ভারতের ক্ষেত্রেও তাই। তারা জ্বলে উঠেছিল। এখন দেখার বিষয় বাংলাদেশ কতটা জ্বলে উঠতে পারে।’

আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে সিসিএলের গ্রুপ পর্বের খেলা। এরপর যথাক্রমে সেমিফাইনাল ও ফাইনালের মধ্য দিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর আসরটির সমাপ্তি ঘটবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত