ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় প্রেসক্লাব অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল আহসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসির উদ্দিন, সাবেক এমপি ও রাজনীতিক জহির উদ্দিন স্বপন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল, নূরে এরশাদ সিদ্দিকী, এরশাদুল বারি মামুন, লেখক ও গবেষক রাখাল রাহা, ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপহার হিসেবে বই, ডায়েরি, ক্রেস্ট, মগ, ফাইল, কলমসহ অন্যান্য উপকরণ দেওয়া হয়। অনুষ্ঠানে দেড় শতাধিক শিক্ষার্থী এবং অভিভাবক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম। অর্নব হুসেইন, নুসরাত জাহান, আরাফাত হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আবির ইসলাম সবুজ ও আসাদ বিন রনি।
অনুষ্ঠানের প্রধান অতিথি নুরুল হক নুর বলেন, বর্তমানে ছাত্ররা রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন না থাকায় মেধাবীদের রাজনীতিতে আসার পথ কঠিন হয়ে যাচ্ছে। ছাত্র অধিকার পরিষদ সূচনা লগ্ন থেকে বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু ধারার রাজনৈতিক চর্চার পরিবেশ তৈরিতে কাজ করছে।
অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, জীবনে সফল হতে হলে পরিশ্রমের সঙ্গে প্রেম থাকতে হবে। আমাদের বর্তমান প্রজন্মকে দেশপ্রেমের সঙ্গে কাজ করতে হবে।
জহির উদ্দিন স্বপন বলেন, আমাদের জীবনের সব কাজ জনগণের জন্য হতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আধুনিকতার সমন্বয় করতে হবে। তবে সেটা জনগণের জন্য, দেশের জন্য।
মো. রাশেদ খান বলেন, মানুষ তার স্বপ্নের চেয়েও বড়। এই স্বপ্ন পূরণে পরিশ্রমের বিকল্প নেই। আপনি অনেক বড় হবেন, কিন্তু বাবা-মায়ের ত্যাগ ও শিক্ষাকে ভুলে যাবেন না। যেকোনো কাজ করার আগে বাবা-মায়ের কথা কল্পনা করবেন। মায়ের চোখের দিকে তাকালে আপনি কখনো খারাপ কাজ করতে পারবেন না। সর্বদা সত্য ও ন্যায়ের শপথ নিয়ে জীবনটা পরিচালিত করবেন।
সংবর্ধনায় আরো বক্তব্য রাখেন সমাজসেবক নিজাম উদ্দিন, পেশাজীবী অধিকারের আহ্বায়ক জাফর মাহমুদ, শিক্ষক গাজী ইউসুফ।