২৩ লাখ মানুষের গাজায় ঢুকেছে ৪৪ হাজার বোতল পানি

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০৮:০৩ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং মিশরের মাঝে অবস্থিত রাফাহ সীমান্ত দিয়ে গাজায় ৪৪ হাজার বোতল পানি পাঠানোর কথা জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। শনিবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউনিসেফ বলছে, ৪৪ হাজার বোতল পানি একদিনের জন্য হলেও ২২ হাজার মানুষের জন্য যথেষ্ট হবে। যদিও গাজার জনসংখ্যা প্রায় ২৩ লাখ।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এক বিবৃতিতে বলেছেন, গাজার ১০ লাখ শিশু এখন গুরুতর মানবিক সংকটের মুখোমুখি। সরবরাহ করা এসব সীমিত পানি তাদের জীবন বাঁচাতে পারে। তবে সেখানে প্রয়োজনগুলো অনেক বেশি তাৎক্ষণিক। তা শুধু পানির জন্য নয়; খাদ্য, জ্বালানি, ওষুধসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্যের জন্যও।

এদিন রাফাহ সীমান্ত দিয়ে নির্ধারিত ২০টি ত্রাণবাহী গাড়ি গাজায় প্রবেশ করে। এসব গাড়ির মধ্যে একটিতে কফিন বোঝাই ছিল এবং বাকিগুলোতে খাবার ও চিকিৎসা সামগ্রী ছিল বলে জানিয়েছে বিবিসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত