বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৪ নভেম্বর। সেই ম্যাচে লিওনেল মেসির পায়ের জাদু দেখার অপেক্ষায় দর্শকরা। ব্রাজিলের মারাকানায় অনুষ্ঠিত হতে চলেছে ম্যাচটি। চোটাক্রান্ত হওয়ায় ঘরের মাঠে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল। তবে দুই দেশের ফুটবল প্রেমিদের জন্য উদগ্রীব হয়ে থাকার মতো খবর, আরেকটি সেলেসাও-আলবেসেলিস্তে লড়াই হতে চলেছে নভেম্বরে। সেই ম্যাচেরও সব টিকিট বিক্রি হয়ে গেছে।
আসলে কোপা লিবার্তাদোরেস কাপের ফাইনাল আগামী ৪ নভেম্বর। টুর্নামেন্টটি ল্যাটিন আমেরিকার চ্যাম্পিয়নস লিগের মতো জমজমাট। সেই ম্যাচে মুখোমুখি হচ্ছে ডিয়েগো ম্যারাডোনার ক্লাব বোকা জুনিয়র্স ও ব্রাজিলিয়ান ফ্লুমিনেন্স। আর্জেন্টাইন ক্লাবটিতে খেলেন সাবেক ম্যানইউ তারকা এডিনসন কাভানি। আর ব্রাজিলিয়ান ক্লাবটিতে আছেন ঘরের ছেলে ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা মার্সেলো।
ল্যাটিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশের দুটি ক্লাবের খেলা দেখতে মারাকানায় জড়ো হবেন ৭৮ হাজার দর্শক। যে তালিকায় আছেন ২০ হাজার আর্জেন্টাইন। যে কারণে ব্রাজিলের রিও ডি জেনারিও রাজ্য সরকার জরুরি অবস্থা জারি করেছে। ম্যাচ শেষে দুই পক্ষের সমর্থকদের মধ্যে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তারা সতর্কতা অবলম্বন করছে।
১৯০৫ সালে প্রতিষ্ঠিত বোকা জুনিয়র্স এখন ১১বার লিবার্তাদোরেস ট্রফির ফাইনাল খেলেছে। যার মধ্যে ৬ বার শিরোপা ঘরে তুলেছে তারা। সবশেষ শিরোপাটি তারা জিতেছিল ২০০৭ সালে। তারপর ২০১২ ও ২০১৮ সালে ফাইনালে উঠেছিল তারা। কিন্তু রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। এবার সপ্তম শিরোপা জেতার জন্য তারা মরিয়া। ‘লাকি সেভেন’ জিততে চায়, তাই ক্লাবটির ইতিহাসের আরও একটি স্মরণীয় দিন অপেক্ষা করছে।
অন্যদিকে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স এর আগে মাত্র একবারই ফাইনালে উঠতে পেরেছিল। সেটা ২০০৮ সালে। কিন্তু ইকুয়েডরিয়ান ক্লাব এলডিইউ কুইতোর কাছে হেরে শিরোপা বঞ্চিত হয় তারা। কুইতোও সেবার প্রথমবার ফাইনাল খেলতে এসেছিল।
মারাকানা আর্জেন্টিনার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ২৮ বছরের শিরোপা খরা লিওনেল মেসিরা ঘুচিয়েছিলেন এই মাঠেই। এখানে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে দক্ষিণ আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল তারা। তারপর থেকেই যেন আলবেসেলিস্তেদের সাফল্যের ঘোড়া ছুটে চলেছে। দীর্ঘ ১৬ বছর ধরে যে বোকা জুনিয়র্স ল্যাটিন ফুটবলের চ্যাম্পিয়নস লিগ জিতে না। এবার কি তবে মারাকানা তাদের জন্যও আশীর্বাদ হয়ে আসছে! নাকি ফ্লুমেন্সের ভাগ্যাকাশে নতুন সূর্যের উদয় হতে চলেছে।