চট্টগ্রাম

ভাঙচুর-নাশকতার মামলায় বিএনপির ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৫:২৮ পিএম

বিএনপি-জামায়াতের ডাকা ২৯ অক্টোবরের হরতালে গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগে চট্টগ্রাম নগরের আকবর শাহ ও পাহাড়তলী থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ।

গতকাল সোমবার দায়ের হওয়া ওই দুটি মামলায় বিএনপির ৪০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, আকবর শাহ থানার মামলায় নগর বিএনপির সদস্য মঞ্জুর আলম, নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সহসভাপতি শাহেদ আকবরসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, ২৯ অক্টোবর হরতালের দিন মিছিল থেকে গাড়ি ভাঙচুরের সময় তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এই তিনজনসহ ১৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের হয়েছে।

পাহাড়তলী থানার ওসি জহির উদ্দিন জানান, হরতাল চলাকালে গাড়ি ভাঙচুরের অভিযোগে ২৯ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের হয়েছে। ওই মামলায় ২৯ জনকে গ্রেপ্তার করেছি। সিসিটিভির ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তবে ওই দুটি মামলার বিষয়ে নগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা নেতা ইদ্রিস আলী বলেন, আকবর শাহ ও পাহাড়তলী থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি গায়েবি মামলা দায়ের করেছে পুলিশ। নগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে পুলিশ তল্লাশি করেছে। ৪০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত