রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেক) উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ‘মব’ করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার অভিযোগে অজ্ঞাত ৬০ জনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় আব্দুস সালাম নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) ও সেকশন অফিসার (অর্থ) মো. নাজমুল হোসাইন বাদী হয়ে মামলাটি করেন। এরপর মহানগরের রাজপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুস সালাম রাজশাহী মহানগরের রাজপাড়া থানা বিএনপির স্থগিত কমিটির সহসভাপতি।
আরএমপি মুখপাত্র গাজিউর রহমান বলেন, অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। ঘটনাস্থলের ভিডিও ও ছবি বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের ভিত্তিতে অন্যদেরও গ্রেপ্তার করা হবে।
মামলার বাদী মো. নাজমুল হোসাইন বলেন, ‘মঙ্গলবার রাতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি মামলা দায়ের করেছি। আজ সকালে পুলিশ একজনকে আটক করেছে বলে জেনেছি। গতকালের ঘটনায় আমরা সবাই আতঙ্কিত।’
এ ঘটনার প্রতিবাদে আজ দুপুরে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। আলাদাভাবে মানববন্ধন করেছেন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা।
'মব' করে রাজশাহী মেডিকেলের ভিসিকে পদত্যাগপত্রে সই