জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২

প্রত্যেকটি পুরস্কার আনন্দের, ভালো কাজের প্রাপ্তি: জয়া আহসান

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৬:৩৯ পিএম

ঘোষিত হয়েছে ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবছর আজীবন সম্মাননাসহ মোট ২৭টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে, আর পুরস্কারের সংখ্যা ৩২টি। এ বছর ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এ নিয়ে পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার উঠতে যাচ্ছে জয়ার ঘরে।

‘দশম অবতার’ ছবির প্রচারে এই মুহূর্তে কলকাতায় অবস্থান করছেন এই অভিনেত্রী। তাৎক্ষণিক অনুভূতি প্রকাশ করতে গিয়ে জয়া আহসান বলেন, ‘প্রত্যেকটি পুরস্কার আনন্দের, ভালো কাজের প্রাপ্তি। পুরস্কার ঘোষণার পর চারদিক থেকে সুসংবাদ আসছে। তবে আমি ‘বিউটি সার্কাস’ টিমকে ধন্যবাদ জানাই। তারা না থাকলে এটা অর্জন হয়ত সম্ভব ছিলো না।’

একইবছরে জয়ার সঙ্গে যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রিকিতা নন্দিনী শিমু। তিনি ‘শিমু’ ছবির জন্য পুরস্কার পেয়েছেন। জয়া-শিমু ছাড়াও ‘হাওয়া’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন চঞ্চল চৌধুরী। শিমু চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন সৈয়দা রুবাইয়াত হোসেন। পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন খান (‘পরান), ‘পাপ পুণ্য’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন আফসানা মিমি। আজীবন সম্মাননা দেওয়া হয়েছে অভিনেতা খসরু (বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু) ও অভিনেত্রী রোজিনাকে (রওশন আর রোজিনা)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত