ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা তিন দেশের

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১১:৫৭ এএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর ও অবিরাম হামলার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। এছাড়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে কলম্বিয়া এবং চিলি।  ইতিমধ্যে কূটনীতিকদের প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

বুধবার এ তথ্য জানায় বার্তাসংস্থা আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় বলিভিয়ার বামপন্থী সরকার।

এক সংবাদ সম্মেলনে বলিভিয়ার প্রেসেডিন্ট লুইস আর্সের প্রশাসনিক মন্ত্রী মারিয়া নেলা প্রাদা জানান, ‘গাজায় অব্যাহত হামলা চালিয়ে হাজার হাজার বেসামরিক মানুষ হত্যা করছে ইসরায়েলি সেনারা। লাখ লাখ ফিলিস্তিনিকে জোর করে বাস্তুচ্যুত করা হচ্ছে। আমরা এ হামলা বন্ধের জোর দাবি জানাই।’

বলিভিয়ার এ ঘোষণার কিছুক্ষণ পরই ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দেয় চিলি ও কলম্বিয়ার সরকার। এছাড়া একই সময়ে গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলার নিন্দা জানান ব্রাজিলের প্রেসিডেন্টও।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত