প্রয়াত হয়েছেন অভিনেত্রী হুমায়রা হিমু। অভিনেত্রীর আকস্মিক মৃত্যু অনেকের হৃদয় স্পর্শ করে গেছে, করেছে ব্যাথিত। এই মৃত্যু স্পর্শ করে লাক্স তারকা ফারিয়া শাহরিনকেও। চলচ্চিত্র ও নাট্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়ে এ বিষয়ে সামাজিক মাধ্যমে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন।
ফারিয়া বললেন, ‘হিমু আপুর একটা ভিডিও দেখলাম, যেখানে উনি লাইভে ডিগবাজি খাচ্ছেন। শুনলাম, ওই লাভ করলে নাকি পে করা হয়। কেন ভাই আপনারা কি পারেন না সব আর্টিস্টদের নিয়ে কাজ করতে? যাদের ভিউ আছে তাদের তো আছেই, পাশাপাশি যারা অভিনয়টা ভালোবাসেন তাকে ভালোবেসে অভিনয় যাদের জীবন তাদের সবাইকে কোনো না কোনো কাজ দিতে?’
এই অভিনেত্রী বলেন, ‘কাল দেখলাম, আপুটার বাবা-মা, ভাই-বোন কেউ ছিল না, উনি কার কাছে মনের কথা বলতেন? ওনার সংসার কীভাবে চলতো, কীভাবে একা একা উনি সংসারে সার্ভাইভ করেছেন, খেয়ে-পরে বেঁচে ছিলেন তা কি কেউ ভাবছেন?’
তিনি বলেন, ‘নিশ্চয়ই অভিনয় থেকে সে যা প্রত্যাশা করে পায়নি বলেই এসব লাইভ করতেন, নিজেকে ব্যস্ত রাখতেন, আয় করতেন! এটা আত্মহত্যা নাকি অন্য কিছু, তা আমি জানি না। কিন্তু একজন শিল্পী শুটিং নিয়ে থাকবেন এটাই তার কাজ, ওই কাজ যদি আপনারা নিয়মিত করতে না দেন দম আটকে আসার কথা, হতাশায় চলে যাওয়া খুব বেশি স্বাভাবিক। মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা কেউ ভাবি-ই না।’
ভিউ নিয়ে মাতামাতি প্রসঙ্গে প্রাক্তন এই লাক্স তারকা বলেন বলেন, ‘যারা সবাই ছবি শেয়ার করতেছেন, এরকম আরো অনেক আর্টিস্ট আপনাদের সাথে কাজ করতেছে, একটা কাজের ডাক পেতে প্রতিদিন তারা অপেক্ষা করেন। কিন্তু আপনারা শুধু যাদের ভিউ আছে তাদের নিয়া দৌড়ান। কেন ভাই? ভালো পরিচালক হলে তো ভিউ আপনাদের নির্দেশনার জন্যই আসবে, আর্টিস্ট তো পরের কথা।’
ফারিয়ারও হতাশ লাগে জানিয়ে বলেন, আমারো মাঝে মাঝে হতাশ লাগে,‘মনে হয় কী করতেছি, যা করার যোগ্য তা তো করতেছি না, একটা গ্রুপই করে যাচ্ছে; তখন মনে হয়, আমারই ব্যর্থতা, আমিই কিছু পারি না। সুতরাং আমি আমার মতো থাকি। কিন্তু সবার জীবন তো আর এক না। এই দুনিয়াতে বেঁচে থাকাটা সবার কাছে এক না।দয়া করে আপনারা সবাই সব আর্টিস্টকে কাজে লাগান। কাল থেকে মনটা খুব খারাপ হয়ে আছে। এরকম মৃত্যু দেখতে চাই না, প্লিজ সবাই সবার পাশে দাঁড়ান।’
