রিমান্ড মঞ্জুরের পরও মিয়া আরেফিকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি ডিবি

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১১:০৬ পিএম

রিমান্ড মঞ্জুর হওয়ার চার দিন পরেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্ট জাহিদুল ইসলাম ওরফে মিয়া আরেফিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে পারেনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মিয়া আরেফি বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন।

আজ রবিবারমামলার তদন্তসংশ্লিষ্ট ডিবির মতিঝিল বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, রিমান্ড মঞ্জুর হওয়ার পরই গত বৃহস্পতিবার ও গতাকল শনিবার ডিবির কর্মকর্তারা মিয়া আরেফিকে আনতে ঢাকার কেন্দ্রীয় কারাগারে যান। কিন্তু কর্তৃপক্ষ তাকে ডিবির কাছে দেয়নি।

এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক সুভাষ কুমার দাস দাবি করেন, ডিবির কোনো কর্মকর্তা মিয়া আরেফিকে ডিবি কার্যালয়ে নিয়ে যেতে তার সঙ্গে যোগাযোগ করেননি।

এ বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মো. রাজীব আল মাসুদ বলেন, ‘ডিবি কর্মকর্তারা মিয়া আরেফিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রিমান্ডে নিতে গিয়েছিল। কিন্তু রিমান্ড মঞ্জুর হওয়ার আদালতের আদেশনামা সেখানে পৌঁছাতে বিলম্ব হওয়ায় তাকে সেদিন ডিবি কার্যালয়ে আনা যায়নি।’

একই মামলায় গ্রেপ্তার হওয়া লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। আজ রবিবার তার আট দিনের রিমান্ডের চতুর্থ দিন চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত