সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রফিক এবং যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের তুলে নেওয়ার বিষয়টি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যার কিছু আগে দুজন বাসা থেকে বের হয়। সন্ধ্যার আগে বা পরে কোনো এক সময়ে রাজধানীর অজ্ঞাত স্থান থেকে তাদের দুইজনকেই তুলে নেয় পুলিশ। পরে রাত আনুমানিক ১১টার দিকে তাদের মিরপুর ১২ নাম্বারের বাসায় নিয়ে যাওয়া হয় তাদের একজনকে। পরে রাত ৪টার দিকে তাদের ঐ একই বাসায় তাদের দুজনকেই নিয়ে যায় পুলিশ। পরে গত ২৮ অক্টোবর বিএনপির ডাকা মহাসমাবেশে যেতে যে পোশাক তারা পরিধান করেছে সেগুলো এবং সেদিন পরিহিত তাদের জুতা, পাসপোর্ট ও সার্টিফিকেটসহ সকল গুরুত্বপূর্ণ কাগজ নিয়ে যায়। এ সময় বাসায় থাকা অপর ব্যক্তি (ওদের মেস মেট) তাদের কোথায় নিয়ে যাচ্ছেন জানতে চাইলে কোনও সদুত্তর দেয়নি পুলিশ।
