নতুন একটি নাটকের শুটিং শেষ করে কক্সবাজার থেকে ঢাকায় ফিরেছেন সালহা খানম নাদিয়া। আসন্ন ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নির্মিত এই নাটকে তাকে দেখা যাবে জিয়াউল ফারুক অপূর্ব ও আজাদের বিপরীতে। এছাড়াও গল্পের চরিত্রে আরও রয়েছেন তানজিম সাইয়ারা তটিনী, মনোজ প্রামাণিক।
নাদিয়ার ভাষ্যে, এটাকে পঞ্চভুজ প্রেমের গল্প বলা যেতে পারে। কে কাকে ভালোবাসে, কে কার সঙ্গে-এখানেই গল্পের অনেক কিছু লুকিয়ে রয়েছে। এখনই গল্প শেয়ার করা যাবে না। এতটুকু বলা যায়, ভালো লাগা, ভালোবাসার গল্প, পাওয়া না পাওয়ার গল্প।
এই নাটকের মধ্য দিয়ে প্রায় চার বছর পর অপূর্বর সঙ্গে পর্দা শেয়ার করবেন নাদিয়া। তিনি বলেন, আমরা একটা ফটোশুট করেছিলাম লাস্ট কিন্তু যদি নাটকের কথা বলি তাহলে সেটা বছর চারেক আগে।
সাম্প্রতিক ব্যস্ততা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘কিছুদিন আগে একটা বিউটি সেলুন চালু করেছি। বলতে গেলে এখন ব্যবসা নিয়েই ব্যস্ত, এর বাইরে নাটক তো করা হচ্ছেই। কলকাতার ‘সুনেত্রা সুন্দরম’ সিনেমাটির গানের শুটিং বাকি রয়েছে সেটা হয়তো ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে। আরও আগেই শেষ হয়ে যেত, এখন যেহেতু বিশ্বকাপ চলছে তাই ভিসা নিয়ে একটু জটিলতা হচ্ছে। এছাড়া অনেক দিন পর বিজ্ঞাপন করেছি দুইটা। মাঝে অনেকদিন গ্যাপ ছিল কিন্তু এখন আবার কাজ শুরু করেছি।’
গেল মাসে ‘রেডরাম’ ওয়েব ফিল্মের জন্য পার্শ্ব চরিত্রে ডেইলি স্টার ওটিটি অ্যাওয়ার্ড পান সালহা নাদিয়া। আজ মঙ্গলবার সেই আয়োজনের সাকসেস পার্টি ছিল বলে জানান তিনি। নাদিয়া বলেন, ‘আমরা যারা অ্যাওয়ার্ড পেয়েছি তাদেরকে নিয়ে আজকে এক সাকসেস পার্টির আয়োজন ছিল। সেখানে আফরান নিশো ভাই, ভিকি জাহেদ ভাই, মেহজাবীন, আমি সবাই ছিলাম। অনেক মজা করেছি, আড্ডা দিয়েছি। খুবই দারুণ একটা মুহূর্ত ছিল।’
এদিকে নাদিয়া কাজের পরিমাণ আগের থেকে অনেকটা কমিয়ে দিয়েছেন বলে জানান। তার মতে, তিনি যে স্ক্রিপ্টগুলো পাচ্ছেন সেগুলো তার করার মতো নয়। ‘রেডরাম’ খ্যাত এ অভিনেত্রী বলেন, ‘আমি জানি না আসলে এমনটা কেন, এখন যেসব গল্প পাচ্ছি সেগুলো করতে ভালো লাগছে না। আমি অপেক্ষা করছি ভালো নির্মাতাদের সঙ্গে কাজ করার।’
‘রেডরাম’ এর পর আর কোনো ওয়েবে আপনাকে দেখা যায়নি কেন, এমন প্রশ্নে নাদিয়া বলেন, ‘কাজ তো করতেই চাই। ইচ্ছেও আছে। আমার কাছে মনে হয়, নির্মাতারা হয়তো একটা জুটির সঙ্গে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। আমি একটাই ওটিটির কাজ করেছি আর সেটাতেই পুরস্কার পেয়েছি। দর্শকরা আমার কাজ পছন্দ করেছেন, জুরি বোর্ড পছন্দ করেছেন। আমি প্রমাণ করলাম যে, অভিনয় একটু হলেও আয়ত্তে আছে। যদি কেউ আমাকে নিয়ে কোনো চরিত্র ভাবে আমি অবশ্যই শতভাগ দিয়ে সেটা করার চেষ্টা করব। আমাকে সুযোগ না দিলে তো আমি আমার অভিনয় ক্ষমতা দেখাতে পারব না। তবে আমি আশাবাদী, আগামীতে ওটিটিতে কাজ আসবে।’
