ইরফানের বাড়িতে আফগানদের ভোজসভা

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০১:২০ পিএম

বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে আছে আফগানিস্তান। মঙ্গলবার অস্ট্রেলিয়ার সঙ্গে প্রায় জেতা ম্যাচটাই হেরে গেছে গ্লেন ম্যাক্সওয়েলের বিধ্বংসী ইনিংসের কাছে। নয়তো সেদিনই এক পা এগিয়ে থাকত তাদের। তবে সেই ম্যাচের আগে ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানের বাড়িতে আফগান ক্রিকেটাররা ভূড়িভোজ করে এসেছিলেন।

সেই ভোজসভায় আফগান ক্রিকেটারদের পাশাপাশি আরও কিছু প্রাক্তন ক্রিকেটার ছিলেন। তবে উল্লেখযোগ্য উপস্থিতি সুনীল শেট্টির, যিনি ভারতের ক্রিকেটার কেএল রাহুলের শ্বশুর।

গত সোমবার বেশ কিছু ক্রিকেটারকে মুম্বইয়ে নিজের ফ্ল্যাটে দাওয়াত করেছিলেন ইরফান। রশিদ খান, নবীন উল-হক, হাসমাতুল্লা শাহিদি, আজমাতুল্লা ওমরজ়াইয়ের মতো ক্রিকেটারেরা গিয়েছিলেন। ইরফানের বড় ভাই ইউসুফ পাঠান, প্রাক্তন সতীর্থ হরভজন সিংহ, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ইমরান তাহিরকেও ডেকেছিলেন। ছিলেন গায়ক আদনান সামিও।

পরে সমাজমাধ্যমে আদনান বেশ কিছু ছবি পোস্ট করেন। তিনি লেখেন, ‘ইরফান পাঠানের বাড়িতে ‘সাহসী’ আফগান দলের সঙ্গে একটা সন্ধ্যা কাটালাম। অনেক গল্প, ভালবাসা, হাসাহাসির পাশাপাশি কাবাব এবং কাবুলি পোলাও খাওয়া হলো।’

এ ছাড়া সমাজমাধ্যমে পোস্ট করা বিভিন্ন ভিডিয়ো ক্রিকেটারদের গল্প করা, আড্ডা মারার বিভিন্ন মুহূর্তের ছবি দেখা গিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত