পায়ুপথে ১৭৯০ পিস ইয়াবা!

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১১:৪৯ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মান্নান হোসেন (৩৯) নামের এক যাত্রীকে পায়ুপথে ইয়াবাসহ আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

আজ বৃহস্পতিবার বিকেলে অভ্যন্তরীণ টার্মিনালের এরাইভাল বেল্ট এরিয়ার পাশের টয়লেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, যাত্রী মান্নান ইউএস বাংলার একটি ফ্লাইটে বিকেলে কক্সবাজার থেকে ঢাকা আসেন। এ সময় তিনি এয়ারপোর্ট এপিবিএনের গোয়েন্দা দলের নজরে পড়েন তিনি। তার আচরণ সন্দেহজনক হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য অফিসে নিয়ে আসা হয়।

এ সময় তিনি স্বীকার করেন, তিনি পায়ুপথে ইয়াবা বহন করছেন। প্রাকৃতিক কার্যের মাধ্যমে তিনি এই ইয়াবা বের করেন। ইয়াবা গুলি দুই স্তরে স্কচটেপ দিয়ে প্যাঁচানো ছিল এবং আকৃতি ছিল বড় দুইটি ডিমের আকারের। পরবর্তীতে উদ্ধারকৃত ইয়াবা গণনা করে মোট এক হাজার ৭৯০ পিস ইয়াবা পাওয়া যায়।

জিয়াউল হক জানান, আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় প্রতি পিস ইয়াবা বহনে তিনি ১০ টাকা হারে অর্থ পাবেন বলে চুক্তিবদ্ধ হয়েছিলেন। সেই অনুযায়ী কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ফ্লাইটে ঢাকা আসেন।

পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আরো জানান যে, ২০২৩ সালেই জুলাই মাসের ১১ তারিখে একই ব্যক্তিকে (মান্নান) বিমানবন্দরে ইয়াবাসহ আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ। কিন্তু তিনি জামিনে বের হয়ে মাদক পাচারে জড়িয়ে যান এবং আজ আবারও আটক হলেন। আটক মান্নান কক্সবাজার টেকনাফের বাসিন্দা। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত